স্টাফ রিপোর্টার
শ্রাবণের শেষের ঢলের পানিতে ভেসে গেলো হাওর, বিল ও জলাশয়। মাছের উৎপাদন বৃদ্ধি নিয়ে চরম দুশ্চিন্তার অনেকটা অবসান হলো প্রকৃত মৎস্যজীবী ও মৎস্য বিভাগের। কিন্তু মাছের পোনা বিস্তৃতি হওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে বেআইনী ঘন জাল নিয়ে পোনা শিকারে ব্যস্ত রয়েছে একটি অসাধু চক্র। মাছের পোনা নিধন রোধ করতে সকল হাওরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি সচেতন মহলের।
সপ্তাহব্যাপী টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শনিবার ভাসান পানিতে মাছের পোনার বেশ বিস্তৃতি ঘটেছে। পোনা ছুটে চলেছে এদিক ওদিক। বেশি পানিতে মাছের পোনা জলখেলি করে বড় হতে সমস্যা হবে না। তবে সমস্যা ঘন জালে মাছের পোনা শিকার। পোনার বিস্তৃতি হওয়ায় সেখানে সেখানে মাছের পোনা শিকার করতে বেআইনী ঘন জাল নিয়ে প্রস্তুত অমৎস্যজীবীর একটি অসাধু চক্র। মাছের পোনা নিধন রোধে মৎস্য বিভাগের উদ্যোগ জরুরি বলে মন্তব্য একাধিক প্রবীণ মৎস্যজীবীর।
কৃষক নেতা আব্দুল কাইয়ুম বলেন, মাছের পোনা খাওয়ার জন্য মানুষ অগ্রিম বলে রাখেন মাছ শিকারীদের। স্বচ্ছল পরিবারের লোকেরা এই পোনা মাছের স্বাদ গ্রহণ করেন বেশি। বাজারে বিক্রি করতে হয় না তাদের বাসায় পৌঁছে যায় পোনা। পোনা নিধন প্রতিরোধে মোবাইল কোর্ট অভিযান করলে হাওরে করতে হবে এমন দাবি আমাদের।
বিশ্বম্ভরপুর উপজেলার প্রবীণ মৎস্যজীবী সুধীর দাস বলেন, শ্রাবণের ঢলের পানিতে হাওরের বিভিন্ন স্থানে পোনা মাছের বিস্তৃতি ঘটেছে। এই পোনাকে রক্ষা করতে পারলে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। যারা অবৈধ ঘন জাল দিয়ে মাছের পোনা শিকার করে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে হবে।
জেলা ক্ষুদ্র ব্যবসায়ী মৎস্যজীবী সমিতির সভাপতি আলাউর রহমান বলেন, শ্রাবণের শেষ পর্যায়ে ঢলের পানি আসায় মাছের পোনা এখন নড়েচড়ে বড় হতে পারবে। তবে সমস্যা অবৈধ ঘন জাল দিয়ে এক শ্রেণীর অমৎস্যজীবীরা মাছের পোনা নিধন করে চলেছে। মৎস্য বিভাগ মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে পোনা রক্ষায় উদ্যোগ নিতে হবে।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস বলেন, করোনাকালীন সময়ে হাওর, বিল ও বাজারে পোনা নিধন প্রতিরোধ অভিযান বন্ধ ছিল। এখন আবারও মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ নেয়া হবে। পানি এসেছে মাছের পোনার বিস্তৃতি ঘটেছে। মাছের পোনা বড় হবে। এই সময়ে কেউ পোনা শিকার করলে তাদের বিরুদ্ধে মাছ সংরক্ষণ আইনে ব্যবস্থা নেয়া হবে।
- জগন্নাথপুরে বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০ সেপ্টেম্বর
- টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা


