হাওর অধ্যুষিত সুনামগঞ্জে চাকুরিজীবীদের বিশেষ প্রণোদনা দেওয়া আবশ্যক

জামালগঞ্জ হাসপাতালে চিকিৎসকসহ অনুমোদিত ১১৪ পদের বিপরীতে ৫০ পদ শূন্য থাকার খবর নতুন নয়। কিন্তু এটি সংবাদপত্রে পরিবেশনের মধ্য দিয়ে পুরাতন মদ নতুন বোতলে ঢোকানোর কারণ হলো কর্তৃপক্ষের সিলগলা করা কানে একটু গরম হাওয়া দিয়ে শ্রবণেন্দ্রিয়কে বিঞ্চিৎ কার্যকর করার প্রয়াস মাত্র। আমরা জানি, এ ব্যর্থ প্রয়াস। কিন্তু বাচ্চা না কাঁদলে মাও দুধ দেয় না- এই প্রবাদবাক্যের মর্মবাণী উপলব্ধি করেই বিষয়টি প্রকাশ করে আমরা কিছুটা তৃপ্তি পেতে চাই। তাহলে অন্তত এটুকু ভেবে শান্তি পাওয়া যায় যে আমরা নিজেদের শরীরে বাসা বেঁধে থাকা দগদগে ঘাগুলোকে লুকিয়ে রাখিনি। যারা নিরাময়ের দায়িত্বপ্র্প্তা চিকিৎসার প্রতিবিধান তাদের দায়িত্ব। যেমন পীড়িত রোগী আসলে ডাক্তার যখন আরামের নিদ্রা ভঙ্গ না করে ব্যবস্থাপত্র দেন না, তেমন বিষয় আর কি। সুনামগঞ্জে ক্ষমতাশালী কত অমাত্যবর্গ রয়েছেন। তারপরেও জেলার বেশিরভাগ সরকারি প্রতিষ্ঠানের সিংহভাগ পদে লোক নেই। খোদ প্রশাসনের দায়িত্বশীল পদগুলোও খালি পড়ে থাকে অনেক দিন ধরে। ধরে বেঁধে কাউকে জেলায় পোস্টিং দেয়া হলে তিনি ছোট্ট দেশে নানা কায়দা-কানুন করে অল্পদিনের মধ্যেই চলে যান। যারা থাকেন তাদেরকে নাকি অন্যরা উপহাস করে খুঁটির জোর না থাকার কথা বলে। অথচ প্রজাতন্ত্রের কোন পদে যখন কাউকে নিয়োগ দেয়া হয় তখন তাকে রাষ্ট্রের ভৌগোলিক সীমার মধ্যে যেকোন স্থানে চাকুরি করার শর্ত দিয়েই নিয়োগ দেয়া হয়। অনুন্নত ও অবহেলিত অঞ্চল হিসেবে যেখানে সুনামগঞ্জের মতো পিছিয়ে থাকা জনপদে সর্বাগ্রে যেকোন সরকারি পদে পদায়ন করা দরকার সেখানে অধিকাংশ সরকারি পদ খালি রেখে একটি জেলাকে সীমাহীন বৈষম্যের শিকার করে রাখা হয়েছে। অথচ এ নিয়ে কোথাও কোন আলাপ-আলোচনা তর্ক-বিতর্ক নেই। আশ্চর্য নির্লিপ্ততায় আমরা বয়ে চলেছি ব্যর্থতা আর অবহেলার এক চিরস্থায়ী উত্তরাধিকার। এর অবসান কবে কখন কীভাবে হবে কেউ জানি না।
প্রত্যাশিত সেবা প্রাপ্তির বিষয়ে যখন আমরা কথা বলি তখন এজন্য দরকার পড়ে উপযুক্ত সেবাদান কাঠামোর। ভাঙ্গা নৌকা দিয়ে যেমন উত্তাল সাগর পাড়ি দেয়া যায় না তেমনি জনবলবিহীন সেবা প্রতিষ্ঠান দিয়ে প্রত্যাশিত সেবা দান করা ধান গাছ থেকে তক্তা পাওয়ার মতোই অবাস্তব বিষয় বটে। হাসপাতালে মানসম্মত চিকিৎসা সেবা পাওয়া যায় না, এই সত্যের পিছনে যেমন চিকিৎসক বা সংশ্লিষ্ট সাপোর্ট স্টাফদের অবহেলা দায়ী তেমনি সমভাবে জনবল সংকটের বিষয়টিও দায়ী। অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রেও বিষয়টি সমান সত্য। তাই জেলার যারা নেতা তাঁদের অপরহিার্য দায়িত্ব হলো এই বৈষম্য নিরসনে সোচ্চার হওয়া।
সরকারি চাকুরি বিধি মোতাবেক পার্বত্য জেলাসমূহে প্রজাতন্ত্রের চাকুরীজীবীদের কর্মজীবনে ন্যুনতম দুইবছর চাকুরি করার বাধ্যবাধকতা রয়েছে। ওই দুই বছর পর তাকে পার্বত্য এলাকা থেকে প্রত্যাহার করে ভাল জায়গায় পোস্টিং দেয়া হয়। ওখানে চাকুরি করার জন্য বিশেষ কিছু আর্থিক প্রণোদনাও দেয়া হয়ে থাকে। ফলত আমরা দেখতে পাচ্ছি এখন পার্বত্য জেলাসমূহে কোন পদ খালি থাকে খুব কম। যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় পার্বত্য জেলাগুলো এখন আগের মতো দুর্গম নয়। সেই তুলনায় হাওর অধ্যুষিত সুনামগঞ্জ জেলাকে এখন বেশি দুর্গম মনে করা হয়। এজন্য হাওর এলাকায় চাকুরিরতদের বিশেষ প্রণোদনা প্রদান ও চাকুরিজীবনে ন্যুনতম দুই বছর কাজ করার নীতিমালা প্রণয়নের দাবি দীর্ঘদিনের। কেবল এই ব্যবস্থাটি করতে পারলেই জেলার বিদ্যমান জনবল সংকটের বিষয়টি সুরাহা হওয়া সম্ভব। এমতাবস্থায় এই ধরনের একটি নীতিমালা প্রণয়নের দিকেই আমাদের জনপ্রতিনিধিদের এখন মনোযোগী হওয়া প্রয়োজন।