হাওর এলাকার স্কুলে আবাসিক ব্যবস্থা চালুর সিদ্ধান্তটি সফলতা পাক

আবাসিক প্রাথমিক বিদ্যালয় স্থাপনের সরকারি সিদ্ধান্তটি নিঃসন্দেহে একটি ভাল উদ্যোগ। বিশেস করে যোগাযোগবিচ্ছিন্ন হাওরাঞ্চলকে অগ্রাধিকার দিয়ে প্রথম ধাপে সুনামগঞ্জ জেলার ৫টি উপজেলায় এই সিদ্ধান্ত কার্যকর করার ঘোষণাটি জেলাবাসীর জন্য ইংরেজি নববর্ষের উপহার বিবেচনা করা যেতে পারে। গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে এ সংক্রান্ত প্রকাশিত সংবাদ থেকে জানা যায় দিরাই, শাল্লা, জামালগঞ্জ, ধর্মপাশা ও তাহিরপুর এই পাঁচটি উপজেলায় আবাসিক প্রাথমিক বিদ্যালয়ের জন্য দুইটি করে নাম নির্ধারণ হয়ে গেছে। নামগুলো জেলা প্রশাসনের মাধ্যমে শীঘ্রই ঢাকা পাঠানো হবে। যদিও এরকম একটি সিদ্ধান্ত বাস্তবায়ন ও ব্যবস্থাপনা একটি সুকঠিন কাজ তারপরেও শুরু না হলে এই ধরনের পরিকল্পনার উপযোগিতা ঠিক বুঝা যাবে না। আমরা আশা করছি স্বল্পতম সময়ের মধ্যে সরকার আবাসিক প্রাথমিক বিদ্যালয় স্থাপনের কাজটি শুরু করবেন। দেশ-জাতিকে অগ্রগতি-উন্নতির উৎকর্ষ পর্যায়ে নিয়ে যেতে হলে আবশ্যিকভাবে শিক্ষা বিস্তারে ব্রতী হতে হয় সর্বাগ্রে। বর্তমান সরকার উন্নয়নের এই মৌলিক বিষয়টি সম্পর্কে যথেষ্ট সচেতন বলেই শিক্ষার প্রসার ও উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ ধারাবাহিকভাবে গ্রহণ করে চলেছেন। বিনামূল্যে মাধ্যমিক স্তর পর্যন্ত পাঠ্যবই সরবরাহ, অবৈতনিক শিক্ষা কার্যক্রম, একযোগে সকল প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ, উল্লেখযোগ্য পরিমাণ মহাবিদ্যালয় ও উচ্চবিদ্যালয়কে জাতীয়করণের জন্য চিহ্নিতকরণ, শিক্ষকদের ব্যাপক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ সেই পদক্ষেপগুলোর অংশ। শিক্ষায় বিনিয়োগের ফলাফল পেতে কিছুটা সময় লাগে। বাংলাদেশ এখন সেই সময় পার করছে। যখন সুফল মিলতে শুরু করবে তখন আর পিছনে ফিরে তাকাতে হবে না।
সকলের জানা যে, হাওরাঞ্চলের গ্রামগুলো যোগাযোগ বিচ্ছিন্ন বিশেষ করে বর্ষা মওসুমে এক বাড়ি থেকে অন্য বাড়ি যেতে নৌকার প্রয়োজন পড়ে। এরকম প্রতিকূল ভৌগোলিক অবস্থার কারণে জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতির হার কম থাকে। বর্ষা মওসুমে এটি হয় দুশ্চিন্তার। একই কারণে শিক্ষা প্রতিষ্ঠানে ঝরে পড়ার প্রবণতাও বেশি। সরকার চিন্তা করে দেখেছেন, আবাসিক শিক্ষা ব্যবস্থা চালু করা গেলে অনুপস্থিতি ও ঝরে পড়া দুটোই কমবে। এই চিন্তা-ভাবনার পক্ষে-বিপক্ষে কোন কিছু বলার অবকাশ এখনও তৈরি হয়নি। শিশু শিক্ষার্থীদের পরিবারের বাইরে নিরাপদ পরিবেশে আবাসিক ব্যবস্থা সম্ভব হবে কিনা এবং এই প্রক্রিয়াটি স্থায়িত্ব পাবে কিনা তা কাজ শুরু হলেই কেবল বুঝা সম্ভব হবে। এক একটি বিদ্যালয়ে দুই বা তিন শ’ ছাত্র-ছাত্রী অধ্যয়ন করে। এদের কারা আবাসিক সুবিধা পাবে তা নির্ধারণ করা হয়নি এখনও। আবাসিক ব্যবস্থার জন্য দরকার পড়বে বহু স্থাপনার, জনবল ও আর্থিক সংশ্লেষও বিরাট। সরকার সাহস করে চিন্তা-ভাবনা শুরু করেছেন সেটি ধন্যবাদযোগ্য।
তবে আমাদের কাছে মনে হচ্ছে আবাসিক শিক্ষার পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্কুল ফিডিং কার্যক্রম শুরু করা আরও বেশি প্রয়োজন। গ্রামাঞ্চলের মানুষের অর্থনৈতিক দুরবস্থার কারণে তারা সন্তানদের পুষ্টিকর খাবার সরবরাহে ব্যর্থ হয় অধিকাংশক্ষেত্রে। যথাযথ শিক্ষা লাভের পূর্বশর্ত হলো শিশুর উপযুক্ত পুষ্টি। সরকারিভাবে যদি প্রতি বিদ্যালয়ে একবেলা এক গ্লাস করে দুধ শিশুদের খাওয়ানো হয় তাহলে আমাদের বিশ্বাস পুষ্টি ঘাটতির বিষয়টি এর মধ্য দিয়ে কিছুটা দূর হবে। এর মধ্য দিয়ে শিশু মনে বিদ্যালয়ে আসার জন্য ব্যাপক আগ্রহ তৈরি হবে এবং তাদের পাঠগ্রহণের সক্ষমতাও বাড়বে। স্কুল ফিডিংয়ের পাশাপাশি যোগাযোগবিচ্ছিন্ন গ্রামগুলোর শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনা-নেয়ার জন্য বর্ষা মওসুমে স্থানীয় উদ্যোগকে সমন্বিত করে নৌকার ব্যবস্থা করার বিষয়টিও চিন্তা করে দেখা দরকার। শিক্ষাবান্ধব সরকারের কাছে আমরা সবধরনের ভাল উদ্যোগই আশা করি।