দিরাই সংবাদদাতা
হাওর বেষ্টিত সুনামগঞ্জের বিভিন্ন হাওর নদী, নদী সংযুক্ত বিল ও নালা খালে দেশীয় প্রজাতির পোনা মাছ ভেসে উঠছে। এতে করে হুমকির মুখে পড়েছে হাওরাঞ্চলের মৎস্য সম্পদ। জেলেরাও খুব সহজে এসব পোনা মাছ আহরণ করে বাজারে বিক্রি করছেন।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, দিরাই উপজেলার কালনী নদী এবং বাঁধ ভেঙে ডুবে যাওয়া চাপতির হাওর ও এর আশেপাশে এলাকায় বোয়াল, রুই, কাতলা, পাবদা, চাপিলা, ছেলামাছসহ অসংখ্য দেশীয় প্রজাতির মাছের পোনা মরে ও আধমরা অবস্থায় ভাসছে। উপজেলা মৎস্য অফিস বলছে, অকাল বন্যায় ফসল তলিয়ে যাওয়াতে কাঁচা আধাপাকা ফসল পচে গলে পানিতে আ্যমেনিয়া গ্যাস সৃষ্টি হয়েছে। এতে পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ায় পোনা মাছগুলো মরে কিংবা আধমরা অবস্থায় পানির উপরিভাগে উঠেছে।
দিরাই চান্দপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কালনী নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন গ্রামের জেলে মান্টু বর্মন। তিনি বলেন, চাপতির হাওর ডুবে যাওয়ার তিন চারদিন পর থেকেই নদীতে পোনা মাছ ভেসে উঠছে। গেল ২০১৭ সালের অকাল বন্যায় ফসলহানির পর পোনামাছসহ ছোট বড় মাছ মরে ভেসে উঠেছিল। তিনি বলেন, নদীর পানি নষ্ট হয়ে কালচে রং ধরেছে। পানি মধ্যে বিদঘুটে গন্ধও রয়েছে।
চান্দপুর গ্রামের জেলে নিকলেশ বর্মন বলেন, জালে পানির উপরিভাগে থাকা পোনা মাছগুলোই বেশি আটকা পড়ে। পোনা মাছ ধরা বা বিক্রি করা অন্যায় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা পোনা মাছ মারি না, পোনা মাছ মরে ভেসে উঠে। জালে আটকা পড়লে পোনা মাছগুলো ছাড়িয়ে আবারও অবমুক্ত করতে যাই ঠিকই। কিন্তু অধিকাংশ পোনা আর বাঁচে না। বাধ্য হয়েই এগুলো বাজারে পাঠাই বিক্রি করার জন্য।
চান্দপুর মৎস্যজীবী সমিতির সভাপতি গোপেশ বর্মন বলেন, নতুন পানির আসার সঙ্গে সঙ্গেই পোনা মাছ মরে কিংবা আধমরা হয়ে ভেসে উঠছে। এটা আমাদের জীবন ও জীবিকাকে মারাত্মক হুমকির মধ্যে ফেলবে। তিনি সরকারের কাছে পানিকে বিষমুক্ত করার জন্য প্রতিষেধক ছিটানোর জন্য অনুরোধ করেন।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শরিফুল ইসলাম বলেন, কেউ যাতে পোনা মাছ না ধরে সে জন্য আমরা সকল মৎস্যজীবী সমিতি ও জনপ্রতিনিধিদের মাধ্যমে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছি। নিষেধাজ্ঞা আরোপ করেছি।
তিনি বলেন, কাঁচা আধা পাকা ফসল তলিয়ে পচে পানিতে অ্যমেনিয়া গ্যাস সৃষ্টি হয়েছে। এতে করে পানিতে অক্সিজেনের পরিমান করে গেছে। পানিতে অ্যমেনিয়া গ্যাসের সহনীয় মাত্রা হলো ০.২ মিলি। এটি যখন ০.৫ কে অতিক্রম করে তখনই পানির তলদেশের মাছ ও পোনা মাছ উপরে ভেসে উঠে। ভেসে যাওয়া পোনা মাছ যাতে কেউ আহরণ না করতে পারে সেজন্য আমরা সর্বদা সজাগ দৃষ্টি রাখছি।


