হাওর বাঁচাও আন্দোলনের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
নির্ধারিত সময় পার হবার পরও হাওরক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ায় এবং বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন মানববন্ধন করেছে। শনিবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন হয়।
সংগঠনের জেলা কমিটির কার্যকরী সভাপতি ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক বিজন সেন রায় প্রমুখ।
বক্তারা বলেন, ২৮ ফেব্রুয়ারির মধ্যে শতভাগ বাঁধ নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় বাঁধের কাজ শেষ হয়নি এখনো পর্যন্ত। একই সাথে এই বছরে বাঁধে অনিয়ম- লুটপাট অন্যান্য বছরকেও হার মনিয়েছে বলে দাবি করেন বক্তারা।