স্টাফ রিপোর্টার
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরুকে সভাপতি ও বিজন সেন রায়কে সাধারণ সম্পাদক করা হয়েছে। সহ-সভাপতি রাখা হয়েছে মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানকে।
গতকাল শনিবার বেলা সাড়ে ১০ টায় সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে শহরে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের আহবায়ক অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা নারীনেত্রী শীলা রায়, রমেন্দ্র কুমার দে মিন্টু, বিকাশ রঞ্জন চৌধুরী ভানু, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, যুগ্ম আহবায়ক আবু সুফিয়ান, চিত্তরঞ্জন তালুকদার, অ্যাড. স্বপন কুমার দাস রায়, বিজন সেন রায়, সদস্য সচিব বিন্দু তালুকদার, সংগঠনের জামালগঞ্জ শাখার আহবায়ক ইউসুফ আল আজাদ, জগন্নাথপুর উপজেলা শাখার আহবায়ক সিরাজুল ইসলাম, শাল্লা উপজেলার আহবায়ক তরুণ কান্তি দাস, দোয়ারাবাজার
শাখার যুগ্ম আহবায়ক মো. শাহজাহান, বিশ্বম্ভরপুর উপজেলা শাখার আহবায়ক মুহিবুর রহমান, তাহিরপুর উপজেলার যুগ্মআহবায়ক এমদাদুল হুদা, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার আহবায়ক সবুর আলী, যুগ্ম আহবায়ক রাধিকা রঞ্জন দাস ও দিরাই উপজেলার যুগ্মআহবায়ক মো. বদিউজ্জামান। আলোচনা সভা সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সালেহিন চৌধুরী শুভ।
আলোচনা সভার পরে বিকালে কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সংগঠনের সাবেক আহবায়ক জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরুকে সভাপতি ও সাবেক যুগ্ম আহবায়ক বিজন সেন রায়কে সাধারণ সম্পাদক এবং সাবেক যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।


