হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন এর মিছিল সমাবেশ

স্টাফ রিপোর্টার
বাঁধ ভেঙে হাওরের বোরো ফসল তলিয়ে যাওয়ার প্রতিবাদে দুর্নীতিবাজ পাউবো, পিআইসি ও ঠিকাদাররের শাস্তির দাবি ও সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে জেলা জুড়ে মিছিল, বিক্ষোভ সমাবেশ ও ঘেরাও কর্মসূচি অব্যাহত রয়েছে।       
বুধবার সকাল ১১ টায় বিভিন্ন দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন। শহরের পৌরবিপণি এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে আলফাত স্কয়ারে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সংগঠনের যুগ্ম আহবায়ক যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সদস্য সচিব বিন্দু তালুকদারের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের যুগ্ম আহবায়ক অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, খেলাঘর সুনামগঞ্জ শাখার সভাপতি বিজন সেন রায়, লেখক  ডা. মুর্শেদ আলম, সুজনের নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য, নারীনেত্রী সঞ্চিতা চৌধুরী, কৃষক আব্দুল কাইয়ূম, নাট্যকর্মী সামির পল্লব প্রমুখ।
বক্তারা সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণা করা, ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতিবাজদের তালিকা তৈরী করে শাস্তি প্রদান, ভরাটকৃত নদী ও বিল খনন করা এবং বাজার মনিটরিং করার জোড়ালো দাবি জানান।