লিপসন আহমদ
সুনামগঞ্জের প্রত্যন্ত এলাকা দিরাইয়ের নগদিপুরে শুক্রবার একসঙ্গে তিন হেলিকপ্টার আসায় হাজারো উৎসুখ মানুষ দেখতে ভিড় করেছিলেন। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনসহ যুক্তরাজ্যের সংসদ সদস্য ও রাজনীতিকরা এই হেলিকপ্টারে করে এসেছিলেন।
নগদিপুর গ্রামের কৃষক সালাউদ্দিন সকাল ৯ টা থেকেই দুই বছরের ছেলেকে নিয়ে মাঠে এসেছিলেন। বললেন, ছেলেকে বললাম তুমিও বড় হয়ে মন্ত্রী- এমপি হবে, হেলিকপ্টারে চড়ে এভাবে গ্রামের মানুষের কাছে আসবে।
কেবল সালাউদ্দিন নয়, শত শত মানুষ কনকনে শীত উপেক্ষা করে মাঠের চারপাশে ভিড় করেছিলেন।
শুক্রবার দুপুরে দিরাই উপজেলার জগদল ইউনিয়নে নগদীপুর গ্রামের মাঠে তিনটি হেলিকপ্টারে করে গ্রামের চারটি স্কুল পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রীসহ বাংলাদেশ ও যুক্তরাজ্যের কয়েকজন রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি এসেছিলেন।
প্রথম হেলিকপ্টারে এসে নামেন, সুনামগঞ্জ- সিলেট’এর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাড.শামিমা শাহরিয়ার ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।
দুই মিনিট পর আরেকটি হেলিকপ্টার করে আসেন অনুষ্ঠানের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। ৫ মিনিট পর তৃতীয় হেলিকপ্টার করে যুক্তরাজ্য ব্যবসা, পর্যটন বন্দর মন্ত্রী ভিজয় দারিয়ানানি, যুক্তরাজ্যের সংসদ সদস্য টম হান্ট সহ অন্যানরা আসেন।
স্থানীয় বাসিন্দা তৈয়বুর রহমান বলেন, জীবনের প্রথম গ্রামের মাঠে এক সঙ্গে তিন হেলিকপ্টার দেখেছি। গ্রামের বাসিন্দা ফজলুর রহমান বললেন, উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল এলাকায়।
মাঠে আসা সুমাইয়া বেগম বলেন, গত দুই দিন ধরে শুনছি বাড়ির পাশে তিনটি হেলিকপ্টার নামবে। এজন্য সকালের সকল কাজ ভোরে শেষ করে মাঠে এসেছি।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান বলেন, মাঠে হাজার উৎসুখ জনতার ভিড় সামাল দিতে চারদিকে পুলিশ মোতায়েন করতে হয়েছে।


