আইনি জটিলতায় আটকে রেখে বিশ্বম্ভরপুরের হাটবাজারগুলো কতিপয় ব্যক্তির লুটপাটের অভয়ারণ্য হয়ে উঠার বিষয়ে গত বছরও দৈনিক সুনামগঞ্জের খবরে সংবাদ প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল, যেমনটি গতকাল পুনরায় করা হয়েছে। সময়ের ব্যবধান এক বছর হলেও অবস্থার হেরফের নেই বিন্দুমাত্র। অর্থাৎ এক বছর আগে যেমনটি সরকার রাজস্ব বঞ্চিত হয়েছেন এবং কয়েকজন প্রভাবশালী লাভবান হয়েছেন, এখনও তেমন ঘটনাই ঘটে চলেছে। হাট-বাজারগুলোতে সরকারি স্বার্থ সংরক্ষণের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর নির্বিকার ভূমিকাও পূর্ববৎ বজায় আছে। সরকারি হাট বাজার আইনি কারণে ইজারা দেওয়া সম্ভব না হলে এগুলো খাস কালেকশনের আওতায় রেখে রাজস্ব আদায়ের বিধান রয়েছে বলে আমরা জানি। বিশ্বম্ভরপুরের চিনাকান্দি বাজার একটি বিশাল বাজার। ১৪১৫ ও ১৪১৬ বাংলা সনে এই বাজার থেকে সরকারি রাজস্ব আহরণ হয় যথাক্রমে ৭ লাখ ও ১২ লাখ টাকা। কিন্তু ১৪১৭ বাংলা সন থেকে এই বাজারটি সরকারের হাতছাড়া হয়ে যায়, এখানে টোল আদায় হচ্ছে বেসরকারি উদ্যোগে, সঙ্গতকারণেই এই টুলের কানাকড়িও সরকারি কোষাগারে যাচ্ছে না। অর্থাৎ সর্বশেষ রাজস্বের হিসাবে শুধু চিনাকান্দি বাজারেই গত ৬ বছরে সরকার ৭২ লাখ টাকা রাজস্ব বঞ্চিত হয়েছে। কম-বেশি একই অবস্থা বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর, পলাশ, বিশ্বম্ভরপুর সদর, মথুরাকান্দি, জনতা ও বসন্তপুর বাজারের। অর্থাৎ শুধু বিশ্বম্ভরপুর উপজেলার এইসব বাজার থেকে সরকার রাজস্ব হারিয়েছে গত ছয় বছরে আনুমানিক ৩ থেকে চার কোটি টাকা। জেলার অন্যান্য যেসব বাজারে অনুরূপ অবস্থা রয়েছে সেগুলোর ক্ষতি হিসাবে নিলে এর পরিমাণ হবে আরও বিশাল। বেশি গভীরে প্রবেশ না করেও এটুকু বলা যায়, সরকার পক্ষের আইনগত পদক্ষেপ গ্রহণের অভাব অথবা সীমাবদ্ধতায়ই এই অবস্থার উদ্ভব ঘটেছে। এখন দেখার বিষয় আইনগত ব্যবস্থা গ্রহণে অবহেলা কিংবা দীর্ঘসূত্রিতা ঘটিয়ে কতিপয় ব্যক্তিকে কারা অবৈধ উপার্জনের সুযোগ করে দিয়েছেন। আর ক’দিন পরই জাতীয় সংসদের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকার রাজস্ব বাড়ানোর জন্য পথ ও পন্থা বের করতে প্রতিনিয়ত ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। অথচ আমাদের চারপাশে এরকম কত সরকারি সম্পদের রাজস্ব থেকে সরকার বঞ্চিত হচ্ছেন তার হিসাব মিলানোর তাগিদ নেই কোথাও। সরকারের রাজস্ব ব্যবস্থাপনায় এটি একটি বড় দুর্বলতা বলে আমরা মনে করি।
এখন আসা যাক ঘটনার অন্য দিকে। বর্ণিত হাট বাজার থেকে সরকার রাজস্ব বঞ্চিত হলেও থেমে থাকেনি কোথাও টুল আদায়। এগুলো ঠিকই হচ্ছে, বরং বেশ প্রবলভাবেই হচ্ছে। সরকারি দল বিরোধী দল মিলেই ভাগ বাটোয়ারা হচ্ছে। অর্থাৎ সরকারের আয় যাচ্ছে হাতে গোনা কয়েকজন স্থানীয় প্রভাবশালীর পকেটে। এরা আঙুল ফুলে কলা গাছ হচ্ছে। বাংলাদেশে অতিদ্রুত অর্থ উপার্জনের সবচাইতে বড় পথ হলো সরকারি সম্পদ লুণ্ঠন। এই লুণ্ঠন প্রক্রিয়া এখানে জোরেশুরেই চলছে। হয়তো চলতেই থাকবে। কারণ বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? পুরো সমাজ যেখানে দুর্বৃত্তায়িত হতে হতে চরমে পৌঁছেছে সেখানে এসবের প্রতিকার আশা করাটাই বাতুলতা নয় কি?
জনসাধারণের স্বার্থে দায়বদ্ধ গণমাধ্যম সর্বাবস্থায় সমাজের যাবতীয় অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থাকে। দৈনিক সুনামগঞ্জের খবর এই দায়বদ্ধতার জায়গা থেকেই বিষয়গুলো প্রচার করে দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণের নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই কোন প্রতিকারের দেখা মিলে না। এই ব্যর্থতা আমাদের প্রচলিত কাঠামোর। যখন এই কাঠামো সরকারের স্বার্থ রক্ষায় সফলতা দেখাতে পারে না তখন গণমাধ্যম আর কিই বা করতে পারে? হ্যাঁ, এতে সাধারণ মানুষ জানতে পারে তার সম্পদ কোথায় কারা অবাধে লুটেপুটে খাচ্ছে।

