স্টাফ রিপোর্টার
পুলিশ সুপার মো. মিজানুর রহমান শাল্লার নোয়াগাঁওয়ের ঘটনার বর্তমান পরিস্থিতি জানাতে রবিবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন। নিজের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন, পুলিশ সুপার বলেছেন, নোয়াগাঁওয়ের ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। এই ধরণের ঘৃণ্য কাজ যাতে এই অঞ্চলে আর কোনদিন না ঘটাতে পারে কেউ, সেই ধরণের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পুলিশ সুপার বলেন, নোয়াগাঁওয়ের ঘটনা নিবিরভাবে তদন্ত করছে পুলিশ। নোয়াগাঁওয়ের ঝুমন দাস আপনের ফেসবুক স্ট্যাটাসের জের ধরে মামুনুল হক সমর্থকরা ওখানে হামলা করার পর ফেসবুকে লাইভ দিয়ে নিজেদের অপকর্ম নিজেরা বলে গেছে। এসব ভিডিও ফুটেজ পুলিশের কাছে আছে। অনেকগুলো ভুয়া ফেসবুক আইডি তাৎক্ষণিক খোলা হয়েছিল, সেগুলোও ব্লক করিয়ে রাখা হয়েছে।
হামলাকারী এবং ফেইসবুকে স্ট্যাটাস দানকারীদের এদের কারো কারো রাজনৈতিক পরিচয় থাকতে পারে। সেগুলো তদন্তে বেরিয়ে আসবে। কে কীভাবে ব্যবহৃত হয়েছে, সেটিও পুলিশ দেখবে।
ঝুমন দাস আপনও জাতীয়তাবাদী দল বিএনপি’র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল জানিয়ে তিনি বলেন, সে শাল্লা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। তার ফেসবুক আইডি থেকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেবার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসেছে। এরপরও কেন মসজিদে মসজিদে প্রচার দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের গ্রামে হামলা হয়েছে সেটি নিবিরভাবে তদন্ত করছে পুলিশ।
তিনি বলেন, অন্যায়ভাবে দুর্বল মানুষের উপর শত শত মানুষ সংঘবদ্ধ হয়ে হামলার ঘটনায় দায়ি কেউ রেহাই পাবে না। পুলিশের অবস্থান নিরীহ মানুষের পক্ষে সর্বাবস্থায় থাকবে।
ঘটনার আগের দিন উত্তেজিত মানুষদের দাবির প্রেক্ষিতে ঝুমনকে গ্রেপ্তার করা হয়। এরপর উত্তেজিতরা উচ্ছৃঙ্খল আচরণ না করারও প্রতিশ্রুতি দেয়। রাতে নোয়াগাঁও গ্রামের পাশের দারাইন বাজারে শাল্লা থানা হতে একজন এসআইসহ ৭ জন পুলিশ মোতায়েন করা হয়।
তিনি বলেন, ১৭ মার্চ ৮টায় সংবাদ আসে আশেপাশের গ্রামের লোকজন লাঠিসোটা নিয়ে গ্রামে আসছে। সাথে সাথেই আমরা ওসি ও ইউএনও এবং উপজেলা চেয়ারম্যানসহ পুলিশ ফোর্সকে পাঠিয়ে দেই। তিনি বলেন, দাড়াইন বাজারের পুলিশ একদলকে নিবৃত্ত করতে সক্ষম হয়। তবে গ্রামটি লম্বালম্বি হওয়ায় পূর্ব দিকে পুলিশ পৌছতে পৌছতেই হামলাকারীরা ৩০ মিনিট তা-ব চালিয়ে যায়। আমি সাড়ে ১১টায় পৌঁছে সবার সঙ্গে গিয়ে কথা বলি। তারা আমাদেরকে হামলা ও লুটপাটের চিত্র দেখিয়েছেন।
পূর্ব-পশ্চিমে লম্বালম্বি নোয়াগাঁও গ্রাম। কিছু হামলাকারী উত্তর-পূর্ব পাড়ের দিকে নোয়াগাঁও গ্রামে প্রবেশ করে ভাংচুর করেছে। তিনি গ্রামবাসীকে আতঙ্কগ্রস্ত না হয়ে স্বাভাবিক জীবন যাপন করার অনুরোধ জনিয়ে বলেন, এলাকার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওখানে পুলিশ মোতায়েন থাকবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, ডিআইও-১ আলা উদ্দিন মৃধা, সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম প্রমুখ।
শাল্লা উপজেলা ছাত্রদলের বর্তমান আহ্বায়ক তারেক হাসান বলেন, ঝুমন একসময় ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিলেন। তবে তিনি অনুমোদিত কোনো কমিটির পদে ছিলেন না। দুই বছর আগে তিনি নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। তিনি এখন বিএনপি বা ছাত্রদলের সঙ্গে যুক্ত নন।


