আকবর হোসেন, জামালগঞ্জ
একের পর এক হাওর ডুবির পর জামালগঞ্জের হালির হাওরের বিভিন্ন ক্লোজার ও হাওর রক্ষা বাঁধের দায়িত্ব নিলেন কৃষকরা। একদিকে জমিতে পাকা ধান অন্যদিকে ধান কাটার শ্রমিক সংকট থাকায় দিশোহারা কৃষক তার উপর বাঁধ নিয়ে শংকিত কৃষকরা। রাতের বেলায় কৃষকরা পাহাড়া দিচ্ছেন বাঁধগুলোতে। উপজেলার অধিকাংশ বিদ্যালয় অলিখিত ভাবে বন্ধ হয়ে গেছে।
বিদ্যালয়ের ছাত্ররা তাদের পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ধান কাঠা ও মাড়াই কাজে সময় দিচ্ছেন।
মঙ্গলবার সকাল থেকেই হালির হাওরের মদনাকান্দি, মাহমুদপুর বদরপুর হাওরিয়া আলীপুর আছানপুর, হরিপুর, সুইচ্ছা, কালীবাড়ী, রাতলার স্লুইস গেইটে পালাক্রমে কাজ করছেন বিভিন্ন গ্রামের কৃষকরা। গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে নৌকা দিয়ে লোক নিয়ে বিনাশ্রমে কাজ করছেন কৃষকরা।
উত্তর কামলাবাজ, লম্বাবাক, কালীপুর, সদরকান্দি, কামিনীপুর, মমিনপুর, ইনছানপুর, হরিনাকান্দি, উলুকান্দি, হোসেনপুর, আছানপুরসহ হালির হাওরের তীরবর্তী সকল গ্রামের কৃষকরা উড়া কোদাল নিয়ে দিনব্যাপি কাজ করেছেন।
আছানপুর গ্রামের যুবক এনামুল হক মনি বলেন, ‘আমরা তিনদিন ধরে গ্রামের কৃষকদের নিয়ে কালীবাড়ী সুইচ্চার কাড়ায় কাজ করছি,আজও অনেক গ্রামের মানুষ এসে আমাদের সাথে যোগ দিয়েছেন।’
লম্বাবাঁক গ্রামের রজব আলী বলেন,‘কথা একটাই পাশের সব হাওর ডুবে গেছে আমাদের হাওর এখনো রয়ে গেছে। আমরা প্রাণপ্রন চেষ্টা করছি আমাদের হাওর রক্ষার জন্য।’


