স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রবেশ গেটের বাম দিকে জ্বর, সর্দি ও কাশি’র রোগীর চিকিৎসার জন্য আলাদা কক্ষ করা হয়েছে। ওখানে একজন ডাক্তার এবং প্রয়োজনীয় ওষুধ নিয়ে একজন স্টাফ বসা থাকবেন। একইভাবে জেলার ১১ উপজেলার হাসপাতালে জ্বর, সদি ও কাশিতে আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত কেউ হাসপাতালে আসলে তাকে চিকিৎসা দেওয়া হবে। তবে নির্ধারিত ইমার্জেন্সি কক্ষ বা ওয়ার্ডে নয়। সদর হাসপাতালে আলাদা কক্ষ প্রস্তুতের কাজ আগামীকাল শুক্রবার শেষ হবে। হাসপাতালে ঢুকার বাম দিকের একতলা ঘরে এসব রোগীর চিকিৎসা’র ব্যবস্থা করা হচ্ছে। একইভাবে প্রত্যেক উপজেলা সদরের হাসপাতালের কোন একটি আলাদা কক্ষে বা কর্নারে এমন রোগীর চিকিৎসার ব্যবস্থা থাকবে।
সিভিল সার্জন ডা. শামছুদ্দিন জানান, জেলার ১৪৫ জন ডাক্তারের সকলকেই পরিস্থিতি মোকাবেলায় আন্তরিকভাবে কাজ করতে বলা হয়েছে। কাউকেই ছুটি দেওয়া যাবে না, জানিয়ে দেওয়া হয়েছে।


