স্টাফ রিপোর্টার
সদর উপজেলার হাসাউড়ায় পুকুরের দখল নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৭ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাছ চাষের পুকুর নিয়ে গ্রামের প্রণয় কুমার দেব ও অরুণ তহবিল দারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে মামলা মোকদ্দমাও রয়েছে। এই বিরোধের জের ধরে শুক্রবার বিকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। আহদের মধ্যে প্রবীর কুমার দেব, পুলক কুমার দেব, আব্দুছ ছোবহান, প্রভা রানী দেব, তুলন রানী দেব, কনিকা রানী দেব ও শিউলী রানী দেবকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, হাসাউড়ায় একটি সংঘর্ষের ঘটনার খবর পেয়েছেন তারা। ঘটনার খোঁজ খবর নেওয়া হচ্ছে।


