হাড়হিম করা আতঙ্কে দেশবাসী: ফখরুল

সু.খবর ডেস্ক
দেশবাসী এখন হাড়হিম করা আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিএনপির সহদফতর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি।
ঝিনাইদহের করাতিপাড়ায় মঙ্গলবার সকালে সনাতন ধর্মাবলম্বী পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে গলা কেটে হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওই বিবৃতি দেন মির্জা ফখরুল।
তিনি বলেন, দুর্বৃত্তদের কর্তৃক দেশে একের পর এক ধারাবাহিকভাবে বিভিন্ন ধর্মসম্প্রদায়ের মানুষকে হত্যার ঘটনায় দেশবাসী আজ হাড়হিম করা আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে।
ফখরুল বলেন, বাড়ীর বাইরে বেরুতেই গা ছমছম করে। ভীত সতন্ত্র মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এই হত্যাকান্ডগুলোর এখন কোন বিরতি নেই। প্রায় প্রতিদিনই দেশের কোন না কোন জনপদে দানবীয় আক্রমণের শিকার হচ্ছেন কেউ না কেউ।
তিনি বলেন, জঙ্গিবাদের ফলে সৃষ্ট দেশব্যাপী রক্তক্ষরণের বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণের আদৌ কোন ইচ্ছা সরকারের আছে কী না তা নিয়ে জনমনে এক বড় ধরণের প্রশ্ন দেখা দিয়েছে।
জঙ্গিবাদ দমনে সরকার এখন পর্যন্ত কোন বিশ্বাসযোগ্য অগ্রগতি সাধন করতে পারেনি মন্তব্য করে মির্জা ফখরুল বলেন,  এদের নিয়ন্ত্রণে সরকারের চরম ব্যর্থতার কারণেই সকলের মধ্যেই আতঙ্ক ও ভীতির সীমানা ক্রমাগতভাবে বিস্তার লাভ করছে।