হৃদয়ের দিক দিয়ে বিশাল বিত্ত-বৈভবের অধিকারী ছিলেন হাছনরাজা -মিসবাহ

স্টাফ রিপোর্টার
ফসল রক্ষার কাজে আজ সারাদিনই জেলা প্রশাসন সহ আমরা সারাদিন ব্যস্ত ছিলাম বিভিন্ন কাজে। বৃষ্টিতে কয়েক জায়গায় বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। আমাদের এই অঞ্চলের অধিকাংশ মানুষের জীবিকার একমাত্র মাধ্যম কৃষি।্ কৃষক সহ সকলের দিন কাটছে আতংকের মধ্যে। আর সেই আতংকের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা বলছে আগামী এক সপ্তাহ বৃষ্টিপাত হবে। তবে একটি কথা না বললেই নয় যে, এই বিরূপ, বৈচিত্রময় প্রকৃতি আমাদের হাওর অঞ্চলের মানুষের মধ্যে কবি সত্তার জন্ম দিয়েছে। ভাবুক করে তুলেছে। মনোজগতকে বিকশিত করেছে।
তিনি বলেন, হাছন রাজার মনোজগতে যদি কবিত্ব না থাকতো তাহলে তার এতো ব্যাপ্তি ঘটত না। জমিদার হাছন রাজা আমাদের আলোচনার বিষয় নন। কারণ সে রকম জমিদার অনেকেই ছিলেন। হাছর রাজা হৃদয়ের দিক দিয়ে বিশাল বিত্ত-বৈভবের অধিকারী ছিলেন।
তিনি বলেন, অনেকেই বলে থাকেন হাছন রাজা একজন বাউল। কিন্তু তিনি বাউল ছিলেন না। বহুমুখী বৈচিত্র্যের অধিকারী হাছন রাজার সৃষ্টি সমূহ।  সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য করে গেছেন সাধনা।
শনিবার সন্ধ্যায় পুলিশ সুপার হারুন অর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
সুনির্দিষ্ট ৩-৪ জনের স্মরণ উৎসব না করার কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের এখানে অনেক লোককবি রয়েছেন। সুনির্দিষ্ট কয়েকজনকে স্মরণ না করে সুনামগঞ্জ লোক উৎসব নাম দিয়ে সকলকেই স্মরণ করা উচিত। এখানে প্রত্যোকের হৃদয়ে একজন করিম, হাছন রাজা, রাধারমণ, দুর্ব্বিণ শাহ্ বিরাজ করেন। সুনামগঞ্জ লোক উৎসব নাম দিয়ে স্মরণ উৎসব করলে সকলেই সম্মানীত হবেন।
এছাড়াও তিনি লালন উৎসবের মতো সুনামগঞ্জের এই লোক উৎসবের একটি নির্দিষ্ট তারিখ নির্ধারণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। তাহলে দেশ বিদেশের সকলেই জানবেন ঐদিন থেকে সুনামগঞ্জ লোকউৎসব শুরু হবে।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন, সুনামগঞ্জ জেলা সারাদেশ থেকে ভিন্ন। সম্প্রীতির শহর এটি। দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সংঘাতের খবর আমরা পাই। কিন্তু সুনামগঞ্জে এরকম ঘটনা ঘটে না। এটা সম্ভব হয়েছে এখানকার লোককবিদের জন্য। তারা আমাদের উদার হতে শিখিয়েছেন।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা হায়দার চৌধুরী লিটন।  
চারদিনব্যাপী লোক উৎসবের ৩য় দিন হাছন রাজা স্মরণে আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মঞ্জুরুল হক চৌধুরী পাবেল।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ লুৎফুর রহমান।
আলোচনা সভার পর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।