স্টাফ রিপোর্টার
দিরাই থেকে চট্টগ্রামের হাটহাজারী থানার ভাঙচুর ও নাশকতা মামলার আসামি হেফাজত নেতা মাওলানা আব্দুর রহমান হেলালকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে দিরাই উপজেলার জগদল ইউনিয়নের বড়কাপন গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে দিরাই থানা পুলিশ।
মাওলানা আব্দুর রহমান হেলাল বড়কাপন গ্রামের হামদু মিয়ার ছেলে ও হাটহাজারীর একটি নুরানি মাদ্রাসার শিক্ষক। তাকে চট্টগ্রামের হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে দিরাই থানার পুলিশ।
পুলিশ জানায়, গত ২৬ মার্চ হাটহাজারীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলন, ভাঙচুর ও নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি মাওলানা আব্দুর রহমান হেলাল। মাওলানা হেলাল কয়েক দিন ধরে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান ও দিরাই থানার ওসি আজিজুর রহমান তাকে গ্রেপ্তার করেন। পরে তাকে সুনামগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে হস্তান্তর করা হয়। শুক্রবার রাতে তাকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান বলেন গ্রেপ্তারকৃত মাওলানা আব্দুর রহমান হেলাল হেফাজতের নেতা, তিনি চট্টগ্রামের হাটহাজারী থানার মামলার এজাহারভুক্ত আসামি।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘গ্রেপ্তারকৃত মাওলানা আব্দুর রহমান হেলালকে শুক্রবার রাতে চট্টগ্রামের হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’


