১নং ওয়ার্ডে জমে উঠেছে প্রচারণা

তাহিরপুর প্রতিনিধি
আসন্ন জেলা পরিষদ নির্বাচনের তাহিরপুর ১নং ওয়ার্ডে শেষ পর্যায়ে জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। ১নং ওয়ার্ডের প্রতিটি ইউনিয়নের বাজারগুলোতে প্রার্থীরা ফেস্টুন, ব্যানার. পোস্টার লাগিয়ে জনপ্রতিনিধিদের কাছে দোয়া ও ভোট ছেয়ে এখন ব্যস্ত সময় পার করছেন। গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে, বাজার, ব্যবসা প্রতিষ্ঠান এমনকি এই ক্ষণ ক্ষণে শীতের মধ্যে রাতের আধাঁরে জনপ্রতিনিধিদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। প্রার্থীসহ সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে এলাকাবাসীসহ জনপ্রতিনিধিদের কাছে ভোট প্রার্থনা করছেন।
১নং ওয়ার্ডের সবখানেই এখন প্রধান আলোচনার বিষয় হচ্ছে জেলা পরিষদ নির্বাচন। প্রথম বারের মতো জেলা পরিষদ নির্বাচনের ওয়ার্ড সদস্য নির্বাচিত হলে আগামী দিনে নিজেদের ওয়ার্ড কেমন উন্নয়ন করবেন তা নিয়ে চলছে জনপ্রতিনিধি ভোটার ও প্রার্থীদের মধ্যে নানা আলোচনা-সমালোচনা।
এলাকাবাসী জানান, ১নং ওয়ার্ডের অধিকাংশ ক্ষেত্রে রাস্তাাঘাট সংস্কারবিহীন ও ভাঙ্গাচোরা। ওয়ার্ডের প্রতিটি ইউনিয়নের বাজারগুলোতে নেই কোনো ভাল ড্রেনেজ ব্যবস্থা। ফলে, বর্ষা মাসে সামান্য বৃষ্টি হলেই বাজার ও রাস্তাঘাটে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগের শিকার হন ইউনিয়নবাসীরা। এছাড়াও ১নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের প্রধান সড়কগুলো কাঁচা এবং সংকীর্ণ, দুটি রিকশা ও         মোটরসাইকেল পাশাপাশি অতিক্রম করতে পারে না। ১নং ওয়ার্ডবাসীসহ জনপ্রতিনিধিরা চান এসব সমস্যার সমাধান হোক। ওয়ার্ড প্রার্থীরাও জনপ্রতিনিধিসহ স্থানীয়দের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলা পরিষদের ১নং ওয়ার্ড তাহিরপুর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নিয়ে। ইউনিয়নগুলো হল তাহিরপুর সদর ইউনিয়ন, বাদাঘাট ইউনিয়ন, উত্তর শ্রীপুর ইউনিয়ন, দক্ষিণ বড়দল ইউনিয়ন, বালিজুরী ইউনিয়ন ও উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ। জেলা পরিষদ নির্বাচনের ১নং তাহিরপুর ওয়ার্ডের নির্বাচন হচ্ছে আগামী ২৮ ডিসেম্বর। ১নং ওয়ার্ডে সদস্য পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ওয়ার্ডের মোট জনপ্রতিনিধি ভোটার ৮১ জন।
১নং ওয়ার্ডে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খাঁন (তালা), উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুনাব আলী (টিউবওয়েল), উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান আখঞ্জি (ঢোল), আতিকুর রহমান আতিক (বৈদ্যুতিক পাখা), অ্যাড. মোস্তাফিজ আলী পীর (হাতি)।
তাহিরপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বললেন,‘ নির্বাচন প্রচারনা শান্তিপূর্ণ হচ্ছে, এখন পর্যন্ত কোন পক্ষ থেকে কোনো ধরণের অভিযোগ পায়নি।’