১০ জন চিকিৎসককে সিভিল সার্জন কার্যালয়ে সংযুক্ত করে পদায়ন, আজ যোগদান

স্টাফ রিপোর্টার

করোনা ভাইরাস (কোভিড-১৯) চিকিৎসায় রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে নিয়োগকৃত দুই হাজার চিকিৎসককে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এরমধ্যে ১০ জন চিকিৎসককে বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদে সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে সংযুক্ত করে পদায়ন করা হয়েছে। তারা হলেন সৈকত দাস, প্রশান্ত দাশ তালুকদার, সাব্বির আহমদ, মাফরোজা আক্তার, টিএম ইমরান আহমেদ, অরুনিমা দত্ত, তামান্না হাসান, এটিএম শাফায়াত শামস রকি, শুভ্র দেবনাথ, ইফতেখার আহমেদ জুয়েল।

রবিবার তাদের নিয়োগ দিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত ৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

অধিদপ্তরের আদেশে বলা হয়, ৩৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষা, ২০১৮ এর ফলাফলের ভিত্তিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে ২২০০০-৫৩০৬০ টাকা বেতনক্রমে পদায়ণ করা হলো।

আদেশে বলা হয়, নবনিয়োগপ্রাপ্ত এবং পদায়নকৃত কর্মকর্তাদের আজ ১২ মে আবশ্যিকভাবে পদায়ন/সংযুক্তকৃত কার্যালয়ে যোগদানপত্র দাখিল করতে হবে। এক্ষেত্রে ইতোপূর্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত যোগদান পত্রের নির্ধারিত নমুনা অনুসরণ করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানে সংযুক্ত কর্মকর্তাগণ স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনে যোগদান করবেন।

অন্যান্য শর্তের মধ্যে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কর্মকর্তারা শুধুমাত্র কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল/প্রতিষ্ঠানসমূহে দায়িত্ব পালন করবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখার ৪ মে প্রজ্ঞাপনে বর্ণিত শর্তাবলী প্রযোজ্য হবে। চাকরিতে যোগদানকৃত কর্মকর্তাগণকে ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নিজে বা পরিবারের অন্য সদস্যদের জন্য কোনো যৌতুক নিবেন না এবং কোনো যৌতুক দেবেন না মর্মে অঙ্গীকারনামা সম্পাদন করতে হবে, যা দেশের বর্তমান পরিস্থিতিতে যোগদানের সময়ে জমা প্রদান না করে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ বরাবর দাখিল করবেন।

দ্য গর্ভনমেন্ট সার্ভেন্টস (কনডাক্ট) রুলস, ১৯৭৯ এর ১৩(১) উপবিধি অনুযায়ী সকল স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ সম্বলিত একটি ঘোষণাপত্র যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে করোনা পরবর্তী সময়ে অবশ্যই অধিদপ্তরে প্রেরণ করতে হবে।

করোনা পরিস্থিতে চিকিৎসকের জরুরি সংকট মোকাবিলায় গত ৩০ এপ্রিল ২০০০ চিকিৎসককে সাময়িকভাবে নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি।

ওই দিন সিনিয়র স্টাফ নার্স পদে পাঁচ হাজার ৫৪ জনও নিয়োগের সুপারিশ করে কমিশন। নার্সদের ৭ মে পদায়ণ করে ১৩ মে’র মধ্যে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

নব নিয়োগপ্রাপ্ত একজন ডাক্তার এই প্রতিবেদককে জানিয়েছেন, কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল/প্রতিষ্ঠানসমূহে কাজ করার আগ্রহ রয়েছে সুনামগঞ্জের সকল নতুন নিয়োগপ্রাপ্ত ডাক্তারগণের। নির্দেশনা অনুযায়ী এক সপ্তাহ দায়িত্ব পালন, ২ সপ্তাহ কোয়ারেন্টাইন থাকা এবং এক সপ্তাহ পরিবারকে সময় দেবার বিষয়টি জেনেছেন তারা। এক্ষেত্রে দায়িত্ব পালনের পর কোয়ারেন্টাইনে থাকার ২ সপ্তাহ সময়কাল নিজ নিজ বাড়িতে না এসে হাসপাতালের কোন একটি বা দুটি ভবনে ডাক্তারদের আবাসিক ব্যবস্থা থাকলে ভালো হয় বলে মনে করেন এই নতুন নিয়োগপ্রাপ্ত ডাক্তার।

সিভিল সার্জন ডা. শামছুদ্দিন বলেন, আইসোলেশন ইউনিটে এক সপ্তাহ দায়িত্ব পালন করে ২ সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকার সময়কালে ডাক্তারদের থাকার ব্যবস্থা করা হয়েছে শহরের একটি হোটেলে, খাবার-দাবারও ওখানেই সরবরাহ করা হবে এবং সেবিকাদের ওই ২ সপ্তাহ শহরের একটি রেস্ট হাউসে থাকার ব্যবস্থা করা হয়েছে। তাদেরও খাবার-দাবার ওখানেই সরবরাহ করা হবে।