১০ হাসপাতালে এক্সরে মেশিন বন্ধ তবু আমরা ভাল আছি!

জেলার ১১ স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে ১০ টিতেই এক্সরে মেশিন নষ্ট অথবা বন্ধ থাকার বিষয়টি সরকারি স্বাস্থ্য পরিসেবার দৈন্যদশার পরিচায়ক। গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে প্রকাশিত সংবাদ মোতাবেক জেলার দোয়ারাবাজার, কৈতক, দিরাই, শাল্লা, জামালগঞ্জ, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, ধর্মপাশা ও জগন্নাথপুর হাসপতালের এক্সরে মেশিন বন্ধ দীর্ঘদিন যাবৎ। অন্যদিকে সুনামগঞ্জ সদর হাসপাতালের এক্সরে মেশিনটি নষ্ট হয়ে আছে। কার্যত এখন ছাতক ব্যতিত আর কোন সরকারি হাসপাতালে এক্সরে করা হচ্ছে না। অথচ প্রতিটি হাসপাতালেই রয়েছে আধুনিক মানের এক্সরে মেশিন। জানা যায়, রেডিওলজিস্ট ও রেডিওগ্রাফার পদে লোক না থাকার কারণেই এক্সরে মেশিনগুলো হাসপাতালের শোভাবর্ধন ছাড়া আর কোন কাজে আসছে না। শুধু এক্সরে মেশিনই বলি কেন। হাসপাতালগুলোতে রয়েছে গর্ভবর্তী মা’র সিজারসহ সাধারণ অপারেশনের প্রচুর যন্ত্রপাতি। ওগুলোও একইরকমভাবে অব্যবহৃত থাকতে থাকতে হাসপাতালের মূল্যবান জায়গা নষ্ট করা ছাড়া আর কোন অবদান রাখতে ব্যর্থ হচ্ছে। জেলার সিভিল সার্জন বলেছেন, তাঁরা বারবার উর্দ্ধতন কর্তৃপক্ষকে জনবল সংকটের বিষয়গুলো অবহিত করছেন। কিন্তু কোন ফলোদয় হচ্ছে না। কুম্ভকর্ণের ঘুম ভাঙ্গানোর জন্য কী করা দরকার সেটিও আমাদের মাথায় ঢুকে না। ফলে অসহায়ভাবে হাসপাতালে যেয়ে এক দুটি প্যারাসিটামল বড়ির চিকিৎসা সেবা পেয়েই আমরা ধন্য রয়েছি। ধন্য বটে জেলার সরকারি স্বাস্থ্য পরিসেবা।
জেলার স্বাস্থ্য বিভাগীয় কর্তৃপক্ষকে দোষ দিয়ে আসলে কোন লাভ নেই। তাঁদেরকে লোক দেয়া না হলে তিনি সেবা কাজে গতিশীলতা আনতে পারবেন না, কারণ তিনি মানুষ তিনি কোন দেবদূত নন। স্পেশাল বিসিএসের মাধ্যমে বছর দেড়েক আগে বিরাট সংখ্যক চিকিৎসক নিয়োগ করা হয়েছিল। তাদের উপর শর্ত আরোপ করা হয়েছিল প্রত্যন্ত এলাকায় ন্যুনতম মেয়াদ চাকুরি করার। জেলার বিভিন্ন হাসপাতালে এসময় বহু নবীন চিকিৎসকের পদায়ন হয়েছিল। আমরা খুশিতে বাকবাকুম হয়েছিলাম। কিন্তু হা-হতোস্মি। ছাইয়ের তলা থেকে আগুন বেরোনোর আগে পুরো কু-লি জলে নিভিয়ে দিলো। অজানা রহস্যে স্বাস্থ্যমন্ত্রীর নিজের শর্ত রক্ষিত হলো না। নবীন চিকিৎসকরা নিজেদের খুঁটির জোর ব্যবহার করে যে যার মতো জায়গায় বদলি নিয়ে চলে গেলেন । আবার গভীর শূন্যতা গ্রাস করলো প্রতিটি হাসপাতালকে। এরকম অবস্থায় আমরা কার কাছে আর্তি জানাব? কাকে বলব এই ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিকল্পে ন্যুনতম ব্যবস্থা গ্রহণের জন্য?
একরাশ দীর্ঘশ্বাস, এক সাগর হতাশা ছাড়া আমাদের আসলে করার তেমন কিছু নেই। চিকিৎসাসেবা ছাড়াই বেঁচে থাকার যে কৌশল শিখে নিয়েছেন এই জনপদের মানুষ সেটিকেই একমাত্র কর্তব্য জ্ঞান করে দিনাতিপাত করা আর অসহায়ভাবে শয্যাশায়ী হওয়া অথবা মৃত্যুর মুখে ঢলে পড়া ছাড়া আর কি-ইবা উপায় আছে? ভাগ্যবিড়ম্বিত সুনামগঞ্জের স্বাস্থ্যখাতসহ সর্বত্র যে অনাদর, অবহেলা আর বঞ্চনাবোধ চলে আসছে যুগের পর যুগ ধরে তা থেকে পরিত্রাণ দিতে আমাদের দায়িত্বশীল কারও কোন সহৃদয় উদ্যোগ দেখি না আমরা। নানা বিষয়ে এখানে তর্ক-বিতর্ক প্রতিযোগিতার দূড়ন্ত ঘোড়া মাঠ দাবড়িয়ে বেড়ালেও এসব বঞ্চনার সঞ্চিত স্তুপ সরাতে নেই কারও বিন্দুমাত্র আগ্রহ। সম্ভবত কভু আশীবিষে দংশেনি যারে সে বুঝিবে কি জ্বালা’র মতো যন্ত্রণাহীন মহোদয়গণ যন্ত্রণাদগ্ধদের কষ্ট বুঝতে অক্ষম। এই নিয়ে বেশ আছি ভাল আছি। এক্সরে মেশিন না থাকা, ডাক্তার না থাক, সেবিকা না থাক, অপারেশন না হোক, গ্যাসের ব্যথায় সিলেট রেফার হই বা বুকের ব্যথায় মারা যাই, আমাদের সন্তানরা ভূমিষ্ট হওয়ার আগেই মৃত্যুবরণ করুক- তাতে কার কী? এতসব কষ্ট নিয়ে সহাস্যেই বলছি- আমরা ভালই আছি।