১২ জানুয়ারি সুনামগঞ্জবাসীর সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১২ জানুয়ারি সুনামগঞ্জবাসীর সাথে ভিডিও কনফারেন্সে কথা বলবেন। এ লক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্দেশনা এসেছে। প্রধানমন্ত্রীর কর্মসূচির বাস্তবায়ন করতে কাজ শুরু করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসন।
জেলা প্রশাসকের কার্যালয়ে সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী আগামী ১২ জানুয়ারি সুনামগঞ্জের জেলা প্রশাসন, জেলার বিভিন্ন রাজনীতিবিদ, শিক্ষক, আইনজীবী, কৃষকসহ নানা শ্রেণী পেশার লোকজনের সাথে সরাসরি উন্নয়ন, সমস্যা ও সম্ভবনা নিয়ে কথা বলবেন।
সুনামগঞ্জ শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হবে। উৎসবের আমেজে         সুনামগঞ্জবাসীর সাথে ভিডিও কনফারেন্সে কথা বলবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স প্রতিটি উপজেলার ৫টি স্থানে প্রজেক্টরের মাধ্যমে সরাসরি দেখানো হবে। এছাড়া প্রতিটি ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স স্থানীয় লোকজনদের সরাসরি দেখানোর ব্যবস্থা করা হবে।