বিশেষ প্রতিনিধি
১৪ বছর ধরে নির্বাচন হচ্ছে না সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর এবং সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নে। মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান এখন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং দশঘর ইউনিয়নের চেয়ারম্যান আছেন যুক্তরাজ্যে। এই দুই ইউনিয়নেই ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছেন ২ ইউপি সদস্য।
জগন্নাথপুরের মিরপুর এবং বিশ্বনাথের দশঘর দুটি ইউনিয়নই গুরুত্বপূর্ণ। প্রবাসী অধ্যুসিত হওয়ায় এই দুটি ইউনিয়নের নির্বাচনী উৎসব হয় ভিন্ন আমেজে। কিন্তু গত প্রায় ১৪ বছর ধরে এই দুই ইউনিয়নের ভোটাররা নির্বাচনী উৎসব থেকে বঞ্চিত হচ্ছেন।
জানা যায়, জগন্নাথপুর উপজেলার লহরি মৌজার ঈশবদাউদ’এর ভোটাররা অনেক আগে থেকেই ছিলেন জগন্নাথপুরের ভোটার। দশঘর ইউনিয়নের ২০০৩’এর নির্বাচনের পর ঈশবদাউদ’এর চেয়ারম্যান প্রার্থী মানিক মিয়া লহরি মৌজার ঈশবদাউদ’র ৩১০ জন ভোটারকে বিশ্বনাথের দশঘর ইউনিয়নের সঙ্গে যুক্ত করেন। ওয়ান-ইলেভেনের সময় সেনা বাহিনীর তত্বাবধানে নতুন ভোটার তালিকা করার
সময় মিরপুর ইউনিয়নের ভোটাররা আপত্তি তুলেন লহরি মৌজা পড়েছে জগন্নাথপুরের মিরপুর ইউনিয়নে। অথচ এই মৌজার ঈশবদাউদ’র ভোটারদের ভোট নিয়ে যাওয়া হয়েছে দশঘর ইউনিয়নে। পরে সেনা বাহিনীর ভোট তোলার দায়িত্বে নিয়োজিতরা আবার ঈশবদাউদ’র ভোটারদের জগন্নাথপুরের মিরপুর ইউনিয়নের সঙ্গে যুক্ত করেন।
এর পর পরই(২০০৭ ইংরেজি সনে) ঈশবদা গ্রামের মানিক মিয়া হাইকোর্টে মিরপুর ও দশঘর ইউনিয়নের সীমানা নিয়ে মামলা দায়ের করেন। এই মামলা দায়েরের পর ২০১১’এর ইউপি নির্বাচন এই দুই ইউনিয়নে স্থগিত হয়ে যায়। একই মামলার কারণে ২০১৬ ইংরেজি সনে এই দুই ইউনিয়নে নির্বাচন হয়নি।
এর মধ্যেই ২০০৯’এর উপজেলা পরিষদ নির্বাচনে মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিযুক্ত হন। এই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নসির মিয়া। বয়স্ক এই ইউপি সদস্য দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় ২০১০ ইংরেজিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জমির উদ্দিন। এই দীর্ঘ সময়ে দায়িত্ব পালন করতে গিয়ে ইউপি সদস্যদের অনেকে নিস্ক্রিয়, আবার কেউ কেউ প্রবাসেও চলে গেছেন। ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হারুন মিয়া ও ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আরশ মিয়া যুক্তরাজ্যে চলে গেছেন। এই দুই ওয়ার্ডে এখন কোন ইউপি সদস্য নেই।
এদিকে, বিশ্বনাথের দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিক উদ্দিন আহমেদ ২০১২ ইংরেজি সনে যুক্তরাজ্যে চলে যান। তার শূন্যতার এই ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছাতির আলী। এই সময়ে (২০১৩ ইংরেজি সনে) ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শায়েস্তা মিয়া যুক্তরাজ্যে চলে যান। এই ওয়ার্ডও ইউপি সদস্য ছাড়াই আছে। এখন সংরক্ষিত নারী আসনের ৩ জন ইউপি সদস্যসহ ১০ জন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাতির আলীকে নিয়েই খুড়িয়ে খুড়িয়ে চলছে এই ইউনিয়ন পরিষদের কার্যক্রম।
মিরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির আলী বলেন,‘পাশের ইউনিয়নগুলোয় নির্বাচন যখন হয়, তখন ইউনিয়নের ভোটাররা আমাদের প্রশ্ন করেন এই ইউনিয়নে নির্বাচন কবে হচ্ছে। আমরা উত্তর দিতে পারি না। মানুষ নির্বাচন উৎসব থেকে বঞ্চিত হয়। এই সমস্যার সমাধান হওয়া প্রয়োজন। একই মন্তব্য করেন দশঘর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাতির আলীও।
- ১০ টাকা কেজি দরে চাল বিক্রি- জেলার ১৭১ জন ডিলার নিয়োগ
- বিশ্ব পর্যটন দিবস আজ- প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির ৬ বছর- পর্যটন জেলা গড়ার পরিকল্পনা কাগজে-ফাইলেই বন্দী


