১৪ মে জাতীয় পার্টির ত্রিবার্ষিক কাউন্সিল

সু.খবর ডেস্ক
জাতীয় পার্টির ত্রিবার্ষিক কাউন্সিল আগামী ১৪ মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে। জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান । তিনি জানান, কাউন্সিল অধিবেশনে ৫০ হাজার কাউন্সিলর ও ডেলিগেট অংশ গ্রহণ করবেন।
চলতি মাসের ১৬ এপ্রিল এই কাউন্সিল অনুষ্ঠানের কথা ছিল এখনো ৭টি জেলায় দলীয় কাউন্সিল হয়নি এবং ইউনিয়ন পরিষদের নির্বাচনের কারণে তারিখ পরিবর্তন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন ।
জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, প্রেসিডিয়াম সদস্য ও দক্ষিণের সভাপতি সৈয়দ আবুল হোসেন বাবলা এমপি , প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, পার্টির উত্তরের সভাপতি এস এম ফয়সাল চিশতি, অ্যাড. রেজাউল ইসলাম ভুইয়া প্রমুখ।
রুহুল আমিন হাওলাদার বলেন, ‘দুই পর্বে এ কাউন্সিলের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত। এ পর্বে থাকবেন আমন্ত্রিত অতিথি ও ডেলিগেটরা। আর দ্বিতীয় পর্ব শুরু হবে বিকাল ৩টায়। এ পর্বে শুধু কাউন্সিলররা অংশগ্রহণ করবেন। তারাই আগামী দিনের জাতীয় পার্টির নেতৃত্ব নির্বাচন করবেন।’
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘১৩টি ইউনিয়ন পরিষদে আমরা জয়লাভ করেছি। দলের নেতা-কর্মীরা নির্বাচন চায়। তাই জাতীয় পার্টি এ নির্বাচনে অংশ নিয়েছে।
তিনি জয়লাভের সম্ভাবনা রয়েছে এমন ৩৫টি ইউনিয়ন পরিষদের ১১১টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান।
সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদসহ পার্টির মন্ত্রী- প্রতিমন্ত্রী ও এমপিসহ সকলেই কাউন্সিলে অংশ গ্রহণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।