পাগলাবাজার প্রতিনিধি
যখন শুরু হয়েছিলো, তখন খুব ধুমধাম করেই চলেছিলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো। শিক্ষক-শিক্ষিকাদের সম্মানীভাতা, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণসহ একাডেমিক ভবনের মাঝেও ছিলো চাকচিক্য। কিন্তু হঠাৎ করেই কেনো যেনো থমকে গেলো সব কিছু। দৃশ্যপট পাল্টে পুরো বিপরীত হাল হলো এ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর। কারণ দেখানো হলো অনুদান বন্ধ হয়ে যাওয়াকে। তারপর থেকে আর কোনো তাৎপরতা নেই কর্তৃপক্ষের। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এলাকাবাসীর হাতে ছেড়ে দিয়ে যেনো হাফ ছেড়ে বাঁচলেন তারা। এলাকাবাসীর সহায়তায় চলছে বিদ্যাপীঠগগুলো। ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে ৭টি।
এমনই বেহাল অবস্থা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ফ্রেন্ডস্ ইন ভিলেজ ডেভেলাপমেন্ট বাংলাদেশে (এফআইভিডিবি)’র তত্ত্বাবধানে পরিচালিত ১৭ টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের। চরম বিপর্যয়ের সময় পাড় করছে এফআইভিডিবির প্রাথমিক স্কুলের শিক্ষকরা। নামমাত্র সম্মানীভাতায় শিক্ষাসেবায় প্রবেশ করেছিলেন তাঁরা। স্বস্তিতেই ছিলেন যখন মাস শেষ হলেই সামান্য সম্মানিটা তাঁরা হাতে পেতেন। কিন্তু এখন কারো ৭ মাস, কারো ৫ মাস, কারো আরো বেশি পরিমাণে সম্মানিভাতা আটকে আছে। যাঁরা এই বিলুপ্ত হতে যাওয়া বিদ্যালয়গুলোতে শিক্ষাদান করার মতো মহৎ কাজটা করে যাচ্ছেন তাঁদেরও এখন নাভিশ্বাস। তাঁরা এখনও একটা স্বপ্ন নিয়ে শিক্ষাদান অব্যাহত রাখছেন যেনো প্রতিষ্ঠানগুলো সরকারীকরণ হয়। তাদের একটাই দাবি সরকার যদি প্রতিষ্ঠানগুলো নিজ তত্ত্বাবধানে না নেন তাহলে শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি অনিশ্চিত হবে প্রতিষ্ঠানে অধ্যয়ন করা প্রায় ২ হাজারেরো বেশি শিক্ষার্থীর শিক্ষাজীবন।
২০১৩ সালে অনুদান সংকটের কারণ দেখিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো গ্রামবাসীর কাছে হস্তান্তর করে এফআইভিডিবি কর্তৃপক্ষ। প্রথমে বছর দেড় বছর সময় স্থানীয় পরিচালনা কমিটির মাধ্যমে চলছিল প্রতিষ্ঠানগুলো। প্রতি শিক্ষার্থীদের কাছ থেকে
শ্রেণিভিত্তিক ২০ টাকা থেকে ৫০ টাকা করে নেওয়া হতো মাসিক চাঁদা। গ্রামের অভিভাবকদের দরিদ্রতা আর সচেতনতার অভাবে থমকে যায় শিক্ষা সেবা। বন্ধ হয় ৭টা স্কুল। বন্ধ হওয়া এ স্কুলগুলোর কোনো কোনো শিক্ষার্থীর জীবন এখানেই থেমে যায়। কেউ কেউ ভর্তি হয় দূরবর্তী কোনো প্রাথমিক বিদ্যালয়ে।
জানা যায়, এফআইভিডিবি মোগলগাঁও, বাদিয়ালী, ঘোড়ামারা, কলগ্রাম, মৌলভী বাজার গ্রাম কেন্দ্রের মোট ৭টি স্কুল তারা তাদের দায়িত্বে রাখেন। তবে এফআইভিডিবি থেকে বলা হচ্ছে অনুদান পাওয়ার সুবিধার জন্যই তাদের নিজস্ব তহবিল থেকে এ বিদ্যালয়গুলোর শুধু শিক্ষকদের সম্মানি ভাতা দেওয়া হচ্ছে। এদিকে এফআইভিডিবির স্কুল ছেড়ে যাওয়ায় দক্ষিণ সুনামগঞ্জের ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ১৭ শ’ কচিকাঁচা শিক্ষার্থী ও ২৮ জন শিক্ষক-শিক্ষিকার ভবিষ্যৎ নিয়ে আশংকা তৈরি হয়। অনেকবার বিদ্যালয় কর্তৃপক্ষ তৎকালীন উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র সিনহার সাথে কথা বলেও কোনো সহযোগিতার আশ্বাস পান নি তারা। এখন তাদের একটাই দাবি সরকার এ শিক্ষার্থীদের কথা ভেবে হলেও প্রতিষ্ঠানগুলো যেনো তাদের অধীনে নিয়ে নেন।
এফআইভিডিবির প্রাথমিক শিক্ষা কর্মসূচির মাঠ সমন্বয়ক মো. আজিম উদ্দিন বলেন, আমাদের প্রোগ্রাম (অনুদানের জন্য) শেষ হয়ে যাওয়ার পর আমরা ভবনসহ কমপক্ষে একবছর যেনো প্রতিষ্ঠানগুলো চলতে পারে সেরকম শিক্ষা উপকরণও রেখে এসেছিলাম। সিলেটের বিভিন্ন জায়গায় আমরা ৭টি স্কুল আমাদের একান্ত নিজস্ব তহবিল থেকে চালিয়ে যাচ্ছি। শুধুমাত্র মাসিক সম্মানি ভাতা দিচ্ছি। যেনো পরবর্তীতে অনুদান এলে এখনো আমরা শিক্ষা প্রকল্প চালাতে চাইছি সেটা বলতে পারি। অনুদান পেলে হয়তো ফিরতে পারে এফআইভিডিবি এমন সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, জেলার ৬০টিরও বেশি স্কুলের জায়গা আমরা ফিরিয়ে দিয়েছি। কেউ যদি জায়গা ফেরত চেয়ে আবেদন করেন আমরা তা ফিরিয়ে দিচ্ছি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান বলেন, সরকারীকরণ প্রক্রিয়ায় আমাদের কোনো হাত নেই। যদি তারা প্রতিমন্ত্রী এমএ মান্নান মহোদয়ের মাধ্যমে করিয়ে নিতে পারেন তাহলে হয় তো হবে। তবে আমাদের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণের স্বার্থে বৈধ যত ধরনের সহযোগিতা প্রয়োজন সবটাই করা হবে।
- উকিলপাড়া প্রেসক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি স্থাপন
- ২১ শে আগস্ট স্মরণ-জেলা যুবলীগের আলোচনা সভা


