বিশেষ প্রতিনিধি
আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন,‘২০১৯ সালের একদিন আগেও জাতীয় নির্বাচন হবে না। সাহস থাকলে নির্বাচনে আসুন। নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। ভোটে যা হবার হবে, আওয়ামী লীগ তা মেনে নেবে’।
শনিবার বিকাল সাড়ে ৪ টায় দিরাই উপজেলা বিএডিসি মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সর্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য, আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত সেন গুপ্ত, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. সুহেল আহমদ প্রমুখ। স্বাস্থমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দলীয় সভানেত্রী শেখ হাসিনাও ২০১৯ সালের নির্বাচনে সকল দলকে অংশ গ্রহণের আহ্বান জানিয়েছেন।’
তিনি বলেন,‘আমরা খালি মাঠে খেলতে চাই না। খেলে জিততে চাই’।
স্বাস্থমন্ত্রী বলেন,‘২০১৪ সালের নির্বাচনের আগেও শেখ হাসিনা খালেদা জিয়াকে বলেছিলেন, আসুন গণভবনে বসে আলোচনা করি কীভাবে নির্বাচন হবে। তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। সেদিন নির্বাচন না হলে দেশের অবস্থা কী হতো। আজ আপনারা যে উন্নয়ন পাচ্ছেন। সেটি হতো না। দেশে স্থিতিশীল অবস্থা ফিরতো না। খালেদা জিয়া নির্বাচনে না এসে জ্বালাও পুড়াও রাজনীতির মাধ্যমে দেশকে অশান্ত করার অপচেষ্টা করে ব্যর্থ হয়েছেন। দেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে।’
মন্ত্রী বলেন,‘গুলশানে হামলার ঘটনা এবং শোলাকিয়ায় লাখ লাখ মুসল্লির ঈদের নামাজে হামলার ঘটনা জীবনবাজি রেখে ঠেকিয়েছে পুলিশ। এসব ঘটনার পর খালেদা জিয়া বলেছেন,‘জঙ্গিদের মারা হলো কেন? যেখানে জঙ্গি পুত্রের বাবা ছেলের লাশ নিচ্ছে না। বলছে এমন ছেলের লাশ নেবে না। সেখানে খালেদা জিয়া জঙ্গির পক্ষ নিচ্ছেন। মুসলমান-মুসলমানকে মারছে। ইমাম-পুরোহিতকে যারা মারে তাদের পক্ষ নেন খালেদা জিয়া। তার এসব কার্যক্রম প্রত্যাখান করেছে দেশের মানুষ।’
মন্ত্রী বলেন,‘দিরাই-শাল্লার হাওর এলাকায় ৫ টি ছোট হাসপাতাল করার দাবি ওঠেছে। আমরা পর্যায়ক্রমে সেগুলো করার চেষ্টা করবো’।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সুরঞ্জিত সেন গুপ্ত বলেন,‘আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই উন্নয়ন হয়, শেখ হাসিনা প্রত্যন্ত এলাকার মানুষের উন্নয়ন চান বলেই দিরাইয়ে ৫০ বেডের হাসপাতাল হয়েছে। তিনি স্বাস্থমন্ত্রীর কাছে শাল্লার মিলন বাজারের পাশে, দিরাইয়ের নোয়াগাঁও, নগদিপুর ও বদলপুরে ২০ বেডের হাসপাতাল করার দাবি জানান।
সমাবেশের শুরুতে দিরাই উপজেলার ৫ টি ইউনিয়নের গ্রামে পল্লীবিদ্যুতের এবং দিরাই পৌর শহরের একটি এলাকায় পিডিবি’র নতুন বিদ্যুৎ লাইনের উদ্বোধন করেন।
দিরাইয়ের ৫০ বেডের হাসপাতাল ভবনের উদ্বোধন পূর্বক সমাবেশে বক্তব্য দেন- স্বাস্থমন্ত্রী মোহাম্মদ নাসিম, সুরঞ্জিত সেন গুপ্ত এমপি, অ্যাড. শামছুনন্নাহার বেগম শাহানা এমপি, স্বাস্থ প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনালেল এমএ মোহী, স্বাস্থ প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী একেএম বদরুল ইসলাম, সিভিল সার্জন ডা. আব্দুল হেকিম, ডা. ইহতেশামুল হক চৌধুরী প্রমুখ।
হাসপাতাল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় স্বাস্থমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন,‘দেশে সম্পদ কম, এই সম্পদ থেকেই জননেত্রী শেখ হাসিনা গ্রামীণ মানুষের স্বাস্থসেবা নিশ্চিত করার জন্য ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক করেছেন। সুনামগঞ্জের মতো হাওর এলাকায় প্রতিটি উপজেলায় যেন ডাক্তার থাকে, সেই ব্যবস্থা করবো আমি’।
এর আগে মন্ত্রী সকালে শাল্লা উপজেলা সদরে ৫০ বেডের হাসপাতাল ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর এবং দিরাই উপজেলা সদরে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫০ বেডের হাসপাতাল ভবনের উদ্বোধন করেন।
আওয়ামী লীগ সভাপতি মহিম চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী আল আমিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আইন বিচার ও সংসদ বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এমপি।
এছাড়াও বক্তব্য রাখেন, অতিরিক্ত স্বাস্থ্য মহাপরিচালক ডাক্তার ইহতেসামুল হক চৌধুরী (দুলাল), প্রধান প্রকৌশলী স্বাস্থ্য অধিদপ্তর বিগ্রেডিয়ার জেনারেল এম এ মোহী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লুৎফুর রহমান, নারায়নগঞ্জের সিভিল সার্জন ডাক্তার আশুতোষ দাস, সহকারী পুলিশ সুপার (দিরাই সার্কেল) সুরত আলম, শাল্লা উপজেলা নিবার্হী কর্মকর্তা মশিউর রহমান খান প্রমুখ।


