২৫ আগস্ট সুনামগঞ্জে হাওর কনভেনশন

স্টাফ রিপোর্টার
হাওর সমস্যার স্থায়ীভাবে সমাধান ও ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণাসহ ১২ দফা দাবিতে সুনামগঞ্জে আঞ্চলিক হাওর কনভেনশন অনুষ্ঠিত হবে আগামী ২৫ আগস্ট শুক্রবার। বাসদ ( মার্কসবাদী) আয়োজনে বেলা ১১টায় শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে কনভেনশনে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কর্ম পরিচালনা কমিটির সদস্য কমরেড শুভ্রাংশু চক্রবর্তী, জল ও পরিবেশ গবেষণা ইন্সটিটিউটের চেয়ারম্যান প্রকৌশলী ম. ইনামুল হক, কেন্দ্রীয় ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট (সমাজতান্ত্রিক) সাংগঠনিক সম্পাদক কমরেড আহসানুল       
হাবিব সাঈদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
গণমাধ্যমে পাঠানো বাসদের চিঠিতে উল্লেখ করা হয়, হাওর অধ্যুষিত অঞ্চল সিলেট। এই অঞ্চলের হাওর বিশেষত সুনামগঞ্জ জেলার হাওর বাংলাদেশে উৎপাদিত ধান ও মিঠাপানির মাছের এক বিশাল ভান্ডার। এ বছর ফসলহানিতে চরম দুর্ভোগ ও ভোগান্তির শিকার হয় এই অঞ্চলের কৃষিজীবী মানুষ। আর এজন্য প্রধানত দায়ী লুটপাটকারী, পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা ও ঠিকাদাররা।