২৬ দিন পর বিদ্যুৎ পেলো ভাটিপাড়াবাসী

শহীদনুর আহমদ
ঝড়ের ২৬ দিন পর বিদ্যুৎ পেলো দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নবাসী। রবিবার রাত সাড়ে ৯ টায় বিদ্যুৎতের আলোয় আলোকিত হয় এই এলাকা। বিদ্যুৎ আসায় এলাকার মানুষের মাঝে যেন স্বস্তি ফিরে এসেছে । এতো দিন পর ঘরে আলো দেখে শিশু কিশোরসহ সাধারণ মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে। এ যেন দীর্ঘ অন্ধকার যাত্রার পরে আলোর দেখা।
গত ২২ শে মে দিরাই ,দক্ষিণ সুনামগঞ্জসহ কয়েকটি উপজেলার উপর দিয়ে প্রবল বেগে ঘুর্ণিঝড় বয়ে যায়। এতে মদনপুর দিরাই সড়ক ও ভাটি পাড়া ইউনিয়নের বিদ্যুৎ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়। দিরাই থেকে ভাটিপাড়া ইউনিয়নে আসা ১১ হাজার কেবি বৈদ্যুতিক লাইনের প্রায়     
 ১৮ টি খুঁটি ও ইউনিয়নের উপর দিয়ে যাওয়া ৪০০ কেবি লাইনের প্রায় ৬০ টি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে যায়। এতে অনির্দিষ্ট সময়ের জন্যে বন্ধ হয়ে যায় ভাটিপাড়া ইউনিয়নের বিদ্যুৎ সংযোগ। এতে চরম দুর্ভোগের মধ্যে পড়েন এলাকার মানুষরা। বেশি কষ্ট সহ্য করতে হয় মুসলমান ধর্মের রোজাদারদের। প্রচন্ড গরমে ইফতার , সেহরি ও তারাবির নামাজের সময় চরম ভোগান্তির শিকার হন রোজাদাররা। স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা রাতে কুপি বাতি পড়াশোনা করেছেন।
বিদ্যুতের এমন  অবস্থায় নিরসনে এলাকার মানুষের উদ্যোগে একাধিকবার বিক্ষোভ মিছিল  ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এ নিয়ে চরম প্রতিক্রিয়া ব্যক্ত করেন স্থানীয় বাসিন্দারা। উল্লেখ্য  গত ৮ জুন “১৭ দিন বিদ্যুৎহীন ভাটিপাড়া ইউনিয়ন”এই শিরোনামে দৈনিক সুনামগঞ্জ খবরে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
ঝড়ের তিন দিন পর মদনপুর দিরাই সড়কের বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করে পিডিপি কর্তৃপক্ষ। কিন্তু ভাটিপাড়া ইউনিয়নে  বিদ্যুৎ ব্যাবস্থা ক্ষয়ক্ষতির মাত্রা বেশি হওয়ায় তার সংস্কার কাজে বেশি সময় লাগে বলে জানান দিরাই পিডিপি কর্তৃপক্ষ।