স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বাণিজ্যিক মার্কেট অপসারণ ও শহীদ মিনার সম্প্রসারণের দাবিতে আন্দোলন-স্মারকলিপির পর এবার মুক্তিযোদ্ধারা আগামী ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে সংবর্ধনা নিতে অনীহা প্রকাশ করেছেন। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘শহীদ মুক্তিযোদ্ধা ও পরিবার/যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা’ উপকমিটির সভায় এই বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে মুক্তিযোদ্ধারা বক্তব্য প্রদান করেন এবং আগামী ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে সংবর্ধনা নেবার বিষয়ে তাঁরা কোনো সিদ্ধান্ত জানাননি প্রশাসনকে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. এমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমা-ার নূরুল মোমেন, জেলা সংসদের সাবেক সদস্যসচিব মালেক হুসেন পীর, সদর উপজেলা কমা-ের সাবেক সভাপতি আব্দুল মজিদ প্রমুখ। বৈঠকে মুক্তিযোদ্ধাসহ সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ডিসেম্বর মাস থেকে সুনামগঞ্জের মুক্তিযোদ্ধারা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বাণিজ্যিক মার্কেট নির্মাণের প্রতিবাদে ও মার্কেট অপসারণের দাবিতে নানা কর্মসূচি পালন করছেন। গত ৮ মার্চ সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার কালো কাপড়ে ঢেকে অবিলম্বে শহীদ মিনার এলাকায় গড়ে তোলা বাণিজ্যিক স্থাপনা অপসারণের জন্য প্রতিবাদী কর্মসূচি পালনসহ প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি বরাবরে স্মারকলিপি প্রদান করেন মুক্তিযোদ্ধারা।
স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. এমরান হোসেন বলেন, শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধাগণ সংবর্ধনা নেবার বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি। অনেকে বক্তব্যে সংবর্ধনা নিতে অনীহা প্রকাশ করেছেন। শহীদ মিনার ইস্যুতে তারা সভা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।


