২ দিন হাসপাতালে থেকে ২৪ দিনের সনদ মামলা দায়ের

স্টাফ রিপোর্টার
সরকারি হাসপাতালে মাত্র দুইদিন চিকিৎসা নেয়া দুই ব্যক্তিকে ২৪ দিন হাসপাতলে ভর্তি দেখিয়ে মেডিক্যাল সার্টিফিকেট দেয়ার চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সিনিয়র স্পেশাল জজ আদালত, সুনামগঞ্জে একটি মামলা দায়ের করা হয়েছে  (স্পেশাল মামলা নং-৬/২০১৭)। মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, সদর উপজেলার সুরমা ইউনিয়নের পার্বতীপুর গ্রামের মুজিবুর রহমান পিতা- মৃত উছমান গনি  ও একই      
ইউনিয়নের তেরাপুর গ্রামের মুতালিব মিয়া পিতা মৃত রওশন আলী অন্য একটি মামলার (জিআর২০১৩/২০১৪ (সদর) জখমী স্বাক্ষী ছিলেন। তারা ২০১৪ সনের ৮ অক্টোবর সদর হাসপাতালে ভর্তি হয়ে পরদিন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। ওসমানী হাসপাতাল থেকে ১১ অক্টোবর তারা অব্যাহতি নেন। এই চিকিৎসা ঘটনায় সুনামগঞ্জ সদর হাসপাতালের তৎকালীন  মেডিক্যাল অফিসার ডা. আখি কৈরি সদর হাসপাতালে ২৪ দিন চিকিৎসারত ছিলেন বলে সনদপত্র প্রদান করেন। প্রতারণামূলক এই কর্মকা- আদালতের নজরে এনে দায়ীদের বিরুদ্ধে মামলা করেছেন সুরমা ইউনিয়নের পার্বতীপুর গ্রামের মৃত আনোয়ার আলীর পুত্র আব্বাছ আলী। মামলায় সনদপ্রদানকারী মেডিক্যাল অফিসারসহ তৎকালীন সিভিল সার্জন ডা. নিশীত নন্দী মজুমদার, সদর হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক রইছ মিয়াসহ মোট ৯ জনকে আসামী করা হয়েছে। নালিশকারী পক্ষে আদালতে মামলা দায়ের করেন অ্যাড. শহীদুজ্জামান চৌধুরী। তাঁকে সহায়তা করেন অ্যাড. মতিউর রহমান পীর, অ্যাড. নিরঞ্জন তালুকদার, অ্যাড. মাজহারুল ইসলাম, অ্যাড. সাজ্জাদুর রহমান, অ্যাড. জিয়াউর রহমান পীর ও  অ্যাড. শহীদুল হক লাহিন।