জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলার ৪ ইউপি নির্বাচনে যাচাই বাছাইকালে মনোনয়নপত্র বাতিল হয়েছে ৪ চেয়ারম্যান প্রার্থীর। মনোনয়নপত্র বাতিল হওয়া চার চেয়ারম্যান প্রার্থীর মধ্যে দুই জন হলেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী। তারা হলেন, বেহেলী ইউনিয়নের সুব্রত সামন্ত সরকার এবং ভীমখারী ইউনিয়নে আখতারুজ্জামান শাহ। এছাড়াও মনোনয়নপত্র বাতিল হওয়া অন্য দুই প্রার্থী হলেন বেহেলী ইউনিয়নে ফয়েজ আহমদ হাবলু ও ফেনারবাঁক ইউনিয়নে জুলফিকার চৌধুরী।
জামালগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঋণ খেলাপী হওয়ায় এই ৪ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে তারা আপিল করার সুযোগ পাবেন। বিষয়টি নিশ্চিত করেছেন জামালগঞ্জের উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। উল্লেখ্য জামালগঞ্জে চার ইউনিয়নে মোট ২৪ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। এদিকে বয়স কম হওয়ায় ফেনারবাক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।


