২ পুলিশ সদস্য সহ নতুন আক্রান্ত ৬ জন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পুলিশ লাইন্সে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২ জন। এই দুই পুলিশ সদস্যসহ রোববার সুনামগঞ্জে নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত হলেন। নতুন আক্রান্তদের মধ্যে ২ পুলিশ সদস্য ছাড়া অন্যারা হলেন ছাতকে ৩ জন এবং তাহিরপুরে ১ জন। এর আগেও বৃহস্পতিবার রাতে পুলিশ লাইন্সে আরও ২ জন পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছিল।

নতুন আক্রান্ত ৬ জনসহ জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৯৫ জন।

শনিবার রাত সাড়ে ১২ টায় সিভিল সার্জন ডা. শামছুদ্দিন জানিয়েছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে করোনা পরীক্ষায় সুনামগঞ্জ পুলিশ লাইন্সের ২ পুলিশ সদস্যসহ ছাতকে ৩ এবং তাহিরপুরে ১ জন আক্রান্ত হয়েছেন।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান রোববার সকাল সাড়ে ১০ টায় জানিয়েছেন, আমাদের ২৯ জন সদস্যের করোনা পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ রোববার আরও পুলিশ সদস্যের করোনা পরীক্ষা করা হবে।