২ বছরেও পরিকল্পনা মন্ত্রণালয়ে যায়নি

বিশেষ প্রতিনিধি
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সুনামগঞ্জের ৪ টি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পের অসমাপ্ত কাজের প্রকল্প প্রস্তাবনা ২ বছরেও একনেকে উপস্থাপন হয়নি। নভেম্বরের শেষ সপ্তাহে এই সড়কগুলোর প্রাক্কলন তৈরি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিন্তু এই রিপোর্ট লেখা পর্যন্ত (১৮ ডিসেম্বর পর্যন্ত) এই ৪ টি গুরুত্বপূর্ণ প্রকল্প প্রস্তাবনা স্থানীয় সরকার মন্ত্রণালয়েই রয়েছে। এখনো এগুলো পরিকল্পনা মন্ত্রণালয়েই পৌঁছায়নি। জানা গেছে, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত এই সড়কগুলোর বেশিরভাগ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। অবশিষ্ট কাজের প্রকল্প প্রস্তাবনা স্থানীয় এলজিইডি ২ বছর আগে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠালেও ২ সপ্তাহ্ আগে প্রকল্প প্রস্তাবনাগুলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এলজিইডি সূত্রে জানা গেছে, ২০১০ সালে তাহিরপুরের জনসভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সুনামগঞ্জবাসীর দাবির প্রেক্ষিতে যে কটি গুরুত্বপূর্ণ উন্নয়ন কাজের প্রতিশ্রুতি দিয়েছিলেন, এর মধ্যে ধর্মপাশা-মধ্যনগর-মহেষখলা-লাউড়েরগড়-সুনামগঞ্জ সড়ক, নেত্রকোনা-ধর্মপাশা-জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়ক (ভায়া সাচনা), মধ্যনগর- মহেষখলা-বাঙালভিটা- বাদাঘাট এবং ধর্মপাশা-জয়শ্রী সড়কও ছিল। এই সড়ক প্রকল্পগুলোর বেশিরভাগ কাজ ২ বছর আগেই শেষ হয়েছে। কাজ সমাপ্ত না হওয়ায় মানুষের কাজে আসছে না সড়কগুলো।
ধর্মপাশা-মধ্যনগর-মহেষখলা-লাউড়েরগড় সড়ক হলে সুনামগঞ্জের তাহিরপুরের ৩ টি শুল্কবন্দরের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ স্থাপিত হয়। নেত্রকোনা-ধর্মপাশা-জামালগঞ্জ-        সুনামগঞ্জ সড়কের দাবি সুনামগঞ্জবাসীর বহুদিনের এই সড়ক হলে সুনামগঞ্জ থেকে নেত্রকোনা হয়ে ঢাকার যাতায়াত সহজ হয়। সুনামগঞ্জ ও নেত্রকোনার সঙ্গে রাজধানী ঢাকা ও সিলেটের বিকল্প সড়ক যোগাযোগও তৈরি হয়। গুরুত্বপূর্ণ এই সড়কের বেশিরভাগ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। কেবল গোলকপুর-সাচনাবাজারের ১২ কিলোমিটার এবং ধর্মপাশা-জয়শ্রী’র ৫ কিলোমিটার অংশের কাজ বাকী রয়েছে। এই সড়কগুলোর সঙ্গে সম্পৃক্ত সাচনা-জামালগঞ্জের মাঝখানের সুরমা সেতু, লাউড়েরগড় সংলগ্ন যাদুকাটা সেতুও একনেকে অনুমোদনের অপেক্ষায়।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা গেছে গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত এই সড়কগুলোর প্রকল্প প্রস্তাবনা এলজিইডি’র সংশ্লিষ্ট উর্ধ্বতন দপ্তর থেকেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠাতে বিলম্ব হয়েছে। সর্বশেষ নভেম্বরের শেষ সপ্তাহে প্রকল্পগুলোর প্রস্তাবনা এলজিইডি মন্ত্রণালয়ে পাঠানো হলেও এই ফাইলগুলো এখনো পরিকল্পনা মন্ত্রণালয়ে পৌঁছায়নি।
এলজিইডি’র প্রধান কার্যালয়ের প্রকল্প পরিচালক বিপূল চন্দ্র বণিক বলেন,‘গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ১৩ টি জেলার কিছু জরুরি সড়ক উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের ৪টি গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে। আমরা আশা করছি শীঘ্রই এগুলো পরিকল্পনা মন্ত্রণালয়ে যাবে এবং সেখানে অনুমোদিত হবার পর একনেকে অনুমোদিত হবে’।
স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন বলেন,‘এই প্রকল্পগুলো হাওরবাসীর প্রাণের দাবি। প্রকল্পগুলোর সমাপ্তি না হলে মানুষের কাঙ্খিত উপকারে আসছে না। সুনামগঞ্জ-জামালগঞ্জ-ধর্মপাশা-নেত্রকোনা সড়কের একটি অংশে প্লাইওভার নির্মাণ করা হলেও সড়কটির কাজ শেষ দেখার অভিপ্রায় ব্যক্ত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের প্রত্যাশা এই প্রকল্পগুলো দ্রুতই একনেকে অনুমোদন হবে এবং সুনামগঞ্জ জেলাবাসীর স্বপ্ন বাস্তবায়ন হবে’।