স্টাফ রিপোর্টার
‘রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটার’র ৪র্থ বর্ষে পদার্পন উপলক্ষে ৩দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ টায় জেলা শিল্পকলা একাডেমিতে এই উৎসবের উদ্বোধন করেন পৌর মেয়র নাদের বখ্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রঙ্গালয়ের সভাপতি মোশাহিদ আলম মহিম ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেনসুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে, জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেবদাস চৌধুরী রঞ্জন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ সদর উপজেলার শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সন্তুষ কুমার চন্দ, বন্ধন থিয়েটারের সভাপতি সামির পল্লব প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সুনামগঞ্জে অনেক মরমি সাধকের জন্ম হয়েছে। হাসন রাজা, আব্দুল করিম, দুর্বিণশাহ এবং রাধারমণ দত্ত উল্লেখ যোগ্য। তাই সুনামগঞ্জকে সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণার দাবি জানান বক্তারা।
বক্তারা আরো বলেন, বৈশিক মহামারি করোনা ভাইরাসের কারণে সাংস্কৃতিক অঙ্গন নিরব ছিলো। রঙ্গালয়ের ৩ দিন ব্যাপী আয়োজনের মাধ্যমে আবারো সরোবর হয়ে উঠেছে জেলার সাংস্কৃতিকঙ্গন। করোনাকালীন সময়েও এই সাংস্কৃতিক কর্মীরা ঘরে বসে থাকেনি। অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।
এই সাংস্কৃতিক উৎসব উৎসর্গ করা হয়েছে জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত দিগি¦জয় শর্মা চৌধুরী শিবু এবং সিলেট নাট্যালোক’র সাবেক সভাপতি মাহবুব চৌধুরী কে। তাদের স্মরণে অনুষ্ঠানের শুরুতেই ১ মিনিট নিরবতা পালন করা হয়।
উৎসবের প্রথম দিন মঞ্চস্থ হয়েছে দুইটি নাটক। রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটার পরিবেশন করে সুফি সুফিয়ানের রচনা ও গোলাম মাহদী’র নির্দেশনায় নাটক ‘ব্যাঙ’। সুনামগঞ্জ হাওর দর্পন পরিবেশন করে শহিদুর রহমানের পরিকল্পনা এবং মো. রাজু আহমেদ’র নির্দেনায় নাটক ‘জাগরণ’।
উৎসবের দ্বিতীয় দিন শনিবার সুনামগঞ্জ লোকদল থিয়েটার তুর্য দাস রাজ’র রচনা এবং বিধান চন্দ্র বনিক বাঁধন ও কপিল পদ ঋষি’র নির্দেশনায় নাটক ‘আক্ষেপ’ পরিবেশন করবে। বন্ধন থিয়েটার পরিবেশন করবে অমিত বর্মনের রচনা ও আমজাদ হোসেনের নির্দেশনায় নাটক ‘বাউলের কথা’।
উৎসবের শেষ দিন ৩১ জানুয়ারি রোববার সুনামগঞ্জ উদীচীর নাট্য বিভাগের পরিবেশনায় মঞ্চস্থ হবে নাটক ‘ঝড়’। রচনায় জাহাঙ্গীর আলম ও নির্দেশনায় পুলক রাজ।
এছাড়াও গান পরিবেশন করবে নৃত্যাঙ্গন, শতদল শিল্পীগোষ্ঠী, সুনামগঞ্জ জেলা বাউল সমিতি, ব্যান্ড শেষ ঠিকানা, লোকদল শিল্পীগোষ্ঠী ও লোকজ সংগীত বিদ্যালয়, সৃষ্টি আবৃত্তি ও অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র, ইনভার্স টেন, স্পন্দন সাংস্কৃতিক বিদ্যালয় ও শিশু সংগঠন, সুরালোক সঙ্গীত বিদ্যালয় ও সাংস্কৃতিক সংস্থা, সুনামগঞ্জ উদীচী, ফ্রেন্ডস টর্গেট ব্যান্ড এবং পাগলা হাসান।


