ছাতক প্রতিনিধি
ছাতকে বিয়ের দিন পুলিশের হাতে গ্রেফতার হয়েছে বহুরূপী প্রতারক, ডাকাত জুয়েল মিয়া (৩২)। শুক্রবার তার ৩য় বিয়ের দিন ধার্য্য ছিল। বিয়ের দিন ভোরে পুলিশ তাকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। ডাকাত জুয়েল উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের গদারমহল গ্রামের মৃত মাফিজ আলীর পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই আব্দুল হালিম নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করেন।
পুলিশ সুত্রে জানা যায় বিদেশ পাঠানোর নামে ষ্ট্যাম্প করে ৪ লক্ষ টাকা নিয়ে আত্মসাত করার অভিযোগে আমেরতল গ্রামের আজমান আলীর দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে জুয়েল মিয়াকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নারী নির্যাতন আইনে মামলাসহ তার বিরুদ্ধে ছাতক থানার ডাকাতি মামলা ২৫(৭)০৭ রয়েছে। এ ছাড়া বহুরূপী প্রতারক জুয়েল মিয়ার বিরুদ্ধে থানায় রয়েছে একাধিক জিডি। নির্যাতনের অভিযোগে তার প্রথম স্ত্রী সোনারা বেগম গত বৃহস্পতিবার ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এলাকার লোকজন জানান, জুয়েল ডাকাতির পাশাপাশি একজন বহুরূপী প্রতারক প্রকৃতির লোক। বিদেশ পাঠানোর নামে বহু মানুষের লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছে সে। অনেকের কাছে রয়েছে তার স্বাক্ষর করা ব্যাংকের একাধিক চেক। ইতিমধ্যেই সে দুটি বিয়ে করেও ৩য় বিয়ের ব্যবস্থা করেছিল। শুক্রবার ৩য় বিয়ের কনেকে উঠিয়ে আনার সকল আয়োজন সম্পন্ন করেছিল।


