৩ আসামী জেলে, ১ জনের বিরুদ্ধে পরোয়ানা জারী

স্টাফ রিপোর্টার
বিশ্বম্ভরপুরে যুবলীগ নেতার নেতৃত্বে নিরীহ যুবককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় দায়েরকৃত মামলার ৩ আসামীর জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। বুধবার আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বিশ্বম্ভরপুর আদালতে স্থায়ী জামিনের জন্য আবেদন করলে আদালত আসামী শেখ রাসেল মিয়া, শাহাব উদ্দিন ও ইয়াহিয়া’র জামিন না মঞ্জুর করে জেলা হাজতে পাঠান।
মামলা সূত্রে জানা যায়, নির্বাচন সক্রান্ত বিরোধের জের ধরে বিশ্বম্ভরপুর      উপজেলার ফতেহ্পুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের নিরীহ যুবক পবিত্র ভুষণ তালুকদারকে গাছে বেঁধে নির্যাতন করা হয়।
এ ঘটনায় উপজেলা যুব লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের পাঠাগার সম্পাদক যুবায়ের আহমদ, রাসেল মিয়া, শাহাব উদ্দিন ও ইয়াহিয়াসহ ২ যুবককে আসামী করে থানায় মামলা দায়ের করেন।
পরে ঘটনার ৩ দিন পর (১০ নভেম্বর) আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে যুবায়ের আহমদ, রাসেল, শাহাব উদ্দিন ও ইয়াহিয়াকে অস্থায়ী জামিন প্রদান করেন আদালত।
বুধবার রাসেল, শাহাব উদ্দিন ও ইয়াহিয়া আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করলে আদালত এই ৩ জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। আসামী যুবায়ের আহমেদ হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করেন আদালত।
বাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল। আসামী পক্ষের আইনজীবী ছিলেন- অ্যাড. আজাদুল ইসলাম রতন।