ছাতক প্রতিনিধি
ছাতকে জাল ভোট দেয়া ও ভোট গণনাকে কেন্দ্র করে উত্তর খুরমা ও দক্ষিণ খুরমা ইউনিয়নে প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ২৫ ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। আতদের মধ্যে ৩জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার দুপুরে ও বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুরে দক্ষিণ খুরমা ইউনিয়নের ধনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধদের ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। দুপুরে ভোট গ্রহণ চলাকালে এ
সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আহতরা হল হাধন আলী গ্রামের সাইফুল ইসলাম(২০) ও জুনেদ আহমদ(২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সদস্য প্রার্থী এমরান আহমদের তালা প্রতীকের পক্ষে ভোট দিতে যায় নুরুল ইসলাম নামের এক ভোটার। এসময় নুরুল ইসলামকে জাল ভোটার বলে অপর সদস্য প্রার্থী আব্দুল মানিক(মোরগ) প্রতিবাদ করলে উভয় প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পরে।
সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি নিক্ষেপ করে। পুলিশের গুলিতে দুই সমর্থক আহত হয়। তবে কেন্দ্রে ভোট গ্রহণ ছিল স্বাভাবিক।
এদিকে বিকেলে উত্তর খুরমা ইউনিয়নের কাঞ্চনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনাকে কেন্দ্র করে আ.লীগ প্রার্থী বিলাল ও আ.লীগ বিদ্রোহী সামছুল ইসলাম খানের সমর্থকদের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ব্যক্তি আহত হয়। আহতদের মধ্যে জামাল উদ্দিন নামের এক সমর্থককে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
এদিকে একই ইউনিয়নের গদারমহল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুরে নৌকা ও ধানের শীষ সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

