স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে পাহাড়ী ঢলের পানিতে তাহিরপুর-সুনামগঞ্জ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অপরদিকে উপজেলার বালিজুড়ি, বাদাঘাট, উত্তর বড়দল, তাহিরপুর সদর ও শ্রীপুর উত্তর ইউনিয়নসহ ৫টি ইউনিয়নের প্রায় ৪ হাজার একর রোপা আমন জমি পানির নিচে তলিয়ে গেছে। তবে উপজেলা কৃষি অফিস জানিয়েছে, ৩শ’ একর রোপা আমন জমি পানির নিচে তলিয়েছে। গত দিনদিন ধরে ভারী বৃষ্টিপাত ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সীমান্তের যাদুকাটা নদী উপচে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুর সেতুর পূর্বাংশের ১০০ মিটার রাস্তা ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বুধবার সন্ধ্যা থেকেই তাহিরপুর-সুনামগঞ্জ সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। রাস্তায় চলাচলকারী লোকজন নৌকাযোগে পারাপার হচ্ছে। আনোয়ারপুর সেতু সংলগ্ন আনোয়ারপুর বাজারের বাসিন্দা সাবেক ইউপি সদস্য মিলন তালুকদার বলেন, গত তিনদিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে ঢলের পানির থোরে আনোয়ারপুর সড়কের এপ্রোচের ১০০ মিটার সড়কটি তলিয়ে যায়।
উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম বলেন, তার ইউনিয়নের ৭ থেকে ৮শ’ একর রোপা
আমন জমি পানির নিচে তলিয়ে গেছে।
বালিজুড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া বলেন, বালিজুড়ি ইউনিয়নে প্রায় ১ হাজার একর রোপা আমন জমি পানির নীচে তলিয়ে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা বলেন, সম্প্রতি পাড়ি ঢলে উপজেলার ৫টি ইউনিয়নের প্রায় ৩শ’ একর জমি পানির নিচে তলিয়ে গেছে। তবে দ্রুত পানি সরে গেলে কোন ক্ষতির সম্ভাবনা নেই।
- এ্যাপ্রোচ সড়ক ও টোল প্লাজা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মানিক
- উপজেলা নির্বাহী কর্মকর্তার সিদ্ধান্তে হতাশ গারোরা


