৫ জয়িতাকে সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার
‘নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ^ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩টায় এ উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও জয়িতা সম্মাননা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা, মহিলা বিষয়ক অধিদপ্তর সুনামগঞ্জের উপপরিচালক এ জে এম রেজাউল আলম, যুব উন্নয়ন অধিদপ্তর, সুনামগঞ্জের উপপরিচালক মো. শাহনুর আলম, জাতীয় মহিলা সংস্থা সুনামগঞ্জের সভানেত্রী হুসনা হুদা, সুনামগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা প্রমুখ।
মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় জেলা পর্যায়ে নির্বাচিত ৫টি ক্যাটাগরীতে ৫জন জয়িতাকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে সুনামগঞ্জ পৌর শহরের হাজী পাড়ার সৈয়দা ফারহানা ইমা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে মহিলা কলেজ রোডের রুবি আখতার, সফল জননী নারী ক্যাটাগরীতে জামালগঞ্জ উপজেলার তেলীয়া গ্রামের নূপুর রানী দাস, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরীতে শান্তিগঞ্জ উপজেলার আক্তাপাড়া গ্রামের মোছা. শিরিয়া বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরীতে সুনামগঞ্জ সদর উপজেলার শাক্তারপাড় গ্রামের সমলা রানী বর্মন।