৫ জয়িতাকে সম্মাননা

স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় ৫ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
এবার নির্বাচিত ৫টি ক্যাটাগরীতে সম্মাননাপ্রাপ্ত ৫জন জয়িতা হলেন অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে জগন্নাথপুর
উপজেলার সালদিঘা গ্রামের মোছা. রোজিনা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে সুনামগঞ্জ পৌর শহরের জেল রোডের মোছা. নাসরিন আক্তার খানম, সফল জননী নারী ক্যাটাগরীতে দিরাই উপজেলার মধুপুর গ্রামের লক্ষী রানী দাশ, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরীতে সুনামগঞ্জ পৌর শহরের নবীনগরের যাত্রী বর্মন, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে পৌর শহরের নবীনগরের মোছা. ফরিদা পারভীন।
সোমবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন, সুনামগঞ্জ এর সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, সুনামগঞ্জ মোহাম্মদ আব্দুল আহাদ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম’র সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু তারেক, ডেপুটি সিভিল সার্জন ডা. আশরাফুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবিল আয়াম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. জাকির হোসেন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা প্রমুখ।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী’র হাসনরাজা মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।