৬ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে বন্যাদুর্গত ৬ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার রঙ্গারচর ইউনিয়নের বনগাঁ হাই স্কুল প্রাঙ্গণে সুনামগঞ্জ মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশনের আয়োজনে এবং সুনামগঞ্জ জেলা বিএমএ ও সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় বন্যাদুর্গত মানুষদের জন্য এই ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন সুনামগঞ্জ জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ও নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডা. এম নুরুল ইসলাম, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. জয়ন্ত কুমার, মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও বিএমএ’র সাংগঠনিক সম্পাদক ডা. সৈকত দাস, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নুরুজ্জামান সিফাত, মেডিকেল অফিসার ডা. নাদিম হোসাইন, ডা. ফারজানা রশিদ তামান্না প্রমুখ।
জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. এম নুরুল ইসলাম বলেন, সুনামগঞ্জের মানুষজনের জন্য যে কোনো সহযোগিতামূলক কাজে ডাক্তাররা সব সময় পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন।
মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ সাদাত ইয়ামিন ফাহিম বলেন, বন্যা দুর্গত মানুষের জন্য এসোসিয়েশন আগেও কাজ করেছে। এবার হেলথ ক্যাম্পের মাধ্যমে আমরা তাঁদের পাশে দাঁড়ালাম। সুনামগঞ্জের ডাক্তার সমাজ আমাদেরকে যেভাবে সাহায্য করেছেন, আশা করি ভবিষ্যতে আমরা আরো বড় কিছু করবো।