৭০ টাকা দেনা পাওনা নিয়ে সংঘর্ষে আহত ১০

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের সৈয়দপুরে ৭০ টাকা পাওনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরতর আহত ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া নাদীর শাহ্ দাবী করেছেন তিনি সংঘর্ষে যুক্ত ছিলেন না, সংঘর্ষ ফেরানোর চেষ্টা করেছেন। কিন্তু পুলিশ তাকেই গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সুরমা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আব্দুল হান্নান ও জুবায়ের মিয়ার মধ্যে ৭০ টাকা পাওনা নিয়ে রোববার রাতে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সোমবার সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। গুরতর আহত মালেক মিয়া, ছানি মিয়া, হাছেন বানু, নূর ইসলাম, ও শামছুল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য, এলাকায় শিক্ষানুরাগী হিসাবে পরিচিত নাদীর শাহ্ ও খুর্শেদ মিয়া নামের ২ জনকে গ্রেফতার করেছে।
নাদীর শাহ্ জানিয়েছেন, তিনি সংঘর্ষে যুক্ত ছিলেন না। সংঘর্ষ ফেরানোর জন্য গিয়েছিলেন। এক পর্যায়ে থানার ওসিকে ফোন দিয়ে তিনিই ঘটনা অবহিত করেন। সংঘর্ষ ঠেকানোর চেষ্টা করতে গিয়ে তিনি মাথায় সামান্য আঘাত পান। হাসপাতালে চিকিৎসা নিতে আসলে পুলিশ তাকেও আটক করে।
ঘটনাস্থলে থাকা এসআই হান্নান মিয়া জানান, ঘটনাস্থলে গিয়ে তিনি জেনেছেন, নাদীর শাহ্ এঘটনার সঙ্গে যুক্ত। এজন্য তাকে আটক করা হয়েছে। সামান্য টাকা পাওনা নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।