স্টাফ রিপোর্টার
‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ স্লোগান নিয়ে ৭ দিনব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও জেলা বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টার সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
এর আগে জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে একটি র্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
উদ্বোধনের পর জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে ও সহকারী কমিশনার শিল্পী রাণী মোদক’র সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বিমল চন্দ্র সোম, অতিরিক্ত পুলিশ সুপার সুমন মিয়া, সহকারী বন সংরক্ষক জি এম আবু বকর সিদ্দিক। আলোচনা সভা শেষে উপস্থিত শিক্ষার্থীদের হাতে একটি করে গাছের চারা উপহার দেয়া হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন বলেন, দেশে বন উজার হওয়ায় জলবায়ুর বিরূপ প্রভাব আমরা লক্ষ্য করেছি। সরকারের সঠিক পরিকল্পনায় বর্তমানে বনের পরিমাণ ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জলবায়ু ঠিক রাখতে এই বৃদ্ধি অব্যাহত রাখতে হবে। এর জন্য আমাদের সবাইকে বৃক্ষ রোপন করতে হবে।
মেলায় মোট ৩০টি স্টল অংশ নিয়েছে। স্টগুলো পরিদর্শন ও গাছ নিতে আসছেন শিশু, শিক্ষার্থী সহ নানান শ্রেণি মানুষ। মেলা চলবে আগামী ২৩ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত বৃক্ষমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।


