৭ মার্চের ভাষণের স্বীকৃতি- আনন্দ শোভাযাত্রায় আ.লীগ ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবে

স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’ এ ‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য’ তালিকাভূক্ত হওয়ায় সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলায় আজ শনিবার আনন্দ শোভাযাত্রা বের হবে।
আনন্দ শোভাযাত্রায় জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবেন বলে একাধিক সূত্রে জানা গেছে।
আনন্দ শোভাযাত্রায় জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সিনিয়র নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ উপস্থিতি জেলা আওয়ামী লীগের রাজনীতিতে নতুন মেরুকরণ বলে ধারণা করছেন অনেকেই।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন বলেন, ‘বিভিন্ন ইউনিট থেকে দলীয় নেতাকর্মীদের বর্ণাঢ্য মিছিল নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণের নির্দেশ দিয়েছি। কালেক্টরেট চত্বরে দলীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে নেতাকর্মীদের অভ্যর্থনা জানাবেন। পরে শোভাযাত্রায় সকলে অংশ নেবেন।’
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান শুক্রবার রাতে দৈনিক  
সুনামগঞ্জের খবরকে বলেন,‘ জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে ও সরকারের স্বার্থে বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় ঐক্যবদ্ধ ছিল, এখনও আছে; আগামীতেও থাকবে। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ এখন ঐক্যবদ্ধ। আজ সুনামগঞ্জের আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে। যারা এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে না, ধরে নেয়া হবে তাঁরা আওয়ামী লীগের ও সরকারের মঙ্গল চায় না।’  
এদিকে আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও পৌর মেয়র আয়ুব বখত জগলুলও ঐ শোভাযাত্রায় নেতাকর্মীসহ অংশ নেবেন বলে জানিয়েছেন।
পরে বিকালে সুনামগঞ্জ পৌরসভা প্রাঙ্গণ থেকে তিনি আরেকটি র‌্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর চত্বরে সমাবেশ করবেন বলে দৈনিক সুনামগঞ্জের খবরকে জানিয়েছেন।
উল্লেখ্য, আজ শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ভবন প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে শেষ হবে। জেলা প্রশাসক কার্যালয়ের স্মৃতিসৌধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে আনন্দ শোভাযাত্রা শুরু হবে।
শোভাযাত্রায় প্রতিষ্ঠান/দপ্তরের নিজস্ব ব্যানার (১২ ফুট, সাড়ে ৩ ফুট), পুষ্পস্তবক, ফেস্টুন ও প্রয়োজনীয় সাজসজ্জাসহ অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান।
এছাড়াও সকাল সাড়ে ১০টায় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা, দুপুর ১২টায় বিতর্ক, বক্তৃতা ও রিয়েলিটি কুইজ শো, বিকাল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিকাল ৫টায় শহীদ আবুল হোসেন মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।