৮ম শ্রেণি পর্যন্ত চালু হওয়া প্রাথমিক বিদ্যালয়-উপযুক্ত শিক্ষকের সংকট

বিন্দু তালুকদার
বর্তমান সরকার ২০১৩ সালে গ্রাম পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান চালু করে। প্রথমে সুনামগঞ্জের প্রতি উপজেলায় ১টি বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির পাঠদান চালু করা হয়। পরবর্তীতে প্রতি উপজেলায় আরো একটি করে, সদর ও ধর্মপাশায় দুুইটি করে বিদ্যালয়ে ৮ম শ্রেণি পর্যন্ত পাঠদানের ব্যবস্থা চালু করে। তবে এই বিদ্যালয়গুলোতে উপযুক্ত শিক্ষকের সংকট রয়েছে।
বর্তমানে জেলার ১১ উপজেলার ২৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণি থেকে ৬ষ্ঠ ও ২১টিতে ৮শ শ্রেণি পর্যন্ত পাঠদান চলছে। প্রতি উপজেলায় দু’টি করে বিদ্যালয় ৮ম শ্রেণি পর্যন্ত পাঠদানের নির্দেশনা থাকলেও শাল্লায় ১টি, সুনামগঞ্জ ও ধর্মপাশায় ৩টি বিদ্যালয় রয়েছে। ২০১৫ সাল থেকেই ১১টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষা দিচ্ছে। তবে সদর উপজেলার শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেল বছর ও ধর্মপাশার চাপাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলতি বছরে ৬ষ্ঠ শ্রেণি চালু করা হয়েছে।
৮ম শ্রেণি পর্যন্ত পাঠদান চালু করা বিদ্যালয়গুলো হলো, সদর উপজেলার মাইজবাড়ি, বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। দোয়ারাবাজার উপজেলার কান্দাগাঁও ও বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিশ্বম্ভরপুর উপজেলার ভাদেরটেক ও বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছাতকের বনগাঁও  ও চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। শাল্লার বাহুতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তাহিরপুরের সোহালা ও গাঘটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। জামালগঞ্জের দুর্লভপুর ও জাল্লাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ধর্মপাশার গাবী, মেউহারী। দিরাইয়ে তেতৈয়া ও লৌলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। জগন্নাথপুরের অনঙ্গমোহন ও বড়ফেচি সরকারি প্রাথমিক বিদ্যালয়। দক্ষিণ সুনামগঞ্জের সদরপুর ও শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।  
গ্রাম পর্যায়ে ২১টি বিদ্যালয়ে ৮ম শ্রেণির পাঠদান চালু করা হলেও শিক্ষক ও অবকাঠামো সংকটে ভুগছে অধিকাংশ বিদ্যালয়। প্রাথমিকের শিক্ষক দিয়েই চলছে নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান।
তাহিরপুরের সোহালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম জানান, ‘তাঁদের বিদ্যালয়ের মোট শিক্ষার্থী ৭৯২ জন। শিক্ষক সংখ্যা ৯ জন, সবাই প্রাইমারী শাখার। ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থী ১৭৯ (৬ষ্ঠ-৭১, ৭ম-৬৫ ও ৮ম শ্রেণিতে ৪০) জন। তবে ওই তিন শ্রেণির জন্য পৃথকভাবে কোন শিক্ষক নেই। এলাকার লোকজন চাঁদা তুলে একটি ঘর তৈরি করেছেন। ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির জন্য পৃথকভাবে কোন শিক্ষক না থাকায় শিক্ষার্থী অভিভাবকরা মিলে দুইজন প্যারা শিক্ষক রেখেছেন। দুইজন প্যারা শিক্ষককে প্রতি মাসে চার হাজার সম্মানীভাতা প্রদান করা হয়।
শুধু সোহালাই নয়, জেলার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ই চলছে জোড়াতালি দিয়ে। ১১টি বিদ্যালয়ে বি.এড প্রশিক্ষণপ্রাপ্ত কোন শিক্ষক নেই। ১০টিতে ১ জন করে, ২টিতে ২জন করে বি.এড শিক্ষক রয়েছে। এর মধ্যে একটিতে ২জন বি.এড শিক্ষক ডেপুটেশনে আছেন।
২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনুমোদিত ১৭৪টি পদের বিপরীতে কর্মরত আছেন ১৫৯ জন। ডেপুটেশনসহ বি.এড শিক্ষক কর্মরত আছেন মাত্র ১৫ জন। ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থী ৩৮০০ জন। ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ১৫৫৪ জন, ৭ম শ্রেণির শিক্ষার্থী ১৩৮৬ জন ও ৮ম শ্রেণিতে ৮৬০জন। তিনটি শ্রেণির মোট ছাত্র ১৫১৩ জন ও ছাত্রী ২২৮৭ জন।
শিক্ষক সংকটে ভুগছে জেলার দোয়ারাবাজার উপজেলার বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের অনুমোদিত শিক্ষকের সংখ্যা ৭জন, তবে কর্মরত আছেন মাত্র ৩ জন। একইভাবে ধর্মপাশার চাপাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ জন শিক্ষকের স্থলে আছেন ৩ জন। জগন্নাথপুরের অনঙ্গমোহনে ৯ জন শিক্ষকের স্থলে ৫ জন ও বড়ফেচি সরকারি প্রাথমিক বিদ্যালয়তে ৭জনের স্থলে কর্মরত আছেন ৪জন শিক্ষক ।
বি.এড শিক্ষকবিহীন বিদ্যালয়গুলো হলো, সদর উপজেলার বিরামপুর, দোয়ারাবাজারের বক্তারপুর, শাল্লার বাহুতলা, তাহিরপুরের সোহালা, জামালগঞ্জের জাল্লাবাজ, ধর্মপাশার গাবী, মেউহারী ও চাপাইতি, দিরাইয়ে তেতৈয়া ও লৌলারচর ও দক্ষিণ সুনামগঞ্জের শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।  
দিরাইয়ের তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত বরণ তালুকদার বলেন, ‘আমাদের বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত মোট ১০০ জন ছাত্র-ছাত্রী রয়েছে। চার বছর ধরেই বিএড-এর শিক্ষক নেই। বেশ কয়েকবার ডেপুটেশনে বিএডধারী শিক্ষক পাঠানো হলে কেউই এখানে এসে যোগদান করেননি। প্রাইমারী শাখার শিক্ষক দিয়েই আমরা ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির পাঠদান দিচ্ছি। যার কারণে কাঙ্খিত ফলাফল আমরা পাচ্ছিনা।’
তাহিরপুর উপজেলার গাঘটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্টু কুমার বিশ্বাস বলেন, ‘আমাদের স্কুলে শুধু ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির ছাত্র-ছাত্রীর সংখ্যা ২৬৩ জন। কিন্তু ওই তিন শ্রেণির পাঠদানের জন্য পৃথকভাবে আজ পর্যন্ত কোন অর্থ পাওয়া যায়নি। নতুন ভবন নির্মাণ করা হয়নি, ১৯৬৫ সালের নির্মিত পুরাতন জড়াজীর্ন ভবনেই পাঠদান চলে। ঝড়-বৃষ্টির দিনে চরম দুর্ভোগ পোহাতে হয় আমাদের।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বায়েজীদ খান বলেন, ‘৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত চালু করা বিদ্যালয়গুলোর জন্য শিক্ষকের পদ ও নতুন অবকাঠামো সৃষ্টি করতে হবে। নতুন শিক্ষক নিয়োগ না দেয়া হলে এর সমস্যা সমাধান করা যাবে না। ডেপুটেশনে দেয়া হলে শিক্ষকরা যেতে যান না। নতুন শিক্ষক নিয়োগ ও অবকাঠামো নির্মাণের জন্য আমরা কর্তৃপক্ষের কাছে প্রস্তাব করেছি।’