৮০০ ছাড়াল আক্রান্ত

স্টাফ রিপোর্টার
জেলায় করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়েছে। বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ১২ এপ্রিল জেলার দোয়ারাবাজার উপজেলায় প্রথম একজন করোনায় আক্রান্ত হন। ১৩ জুন সংক্রমণের ৬২ তম দিনে ৫০০ অতিক্রম করে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। আর ২২ জুন সংক্রমণের ৭১ তম দিনে ৮০০ অতিক্রম করে আক্রান্তের সংখ্যা। আক্রান্তের তালিকা ইতোমধ্যে বেশ দীর্ঘ। ৮২৬ জন। প্রতিদিনই বন্ধু, সহকর্মী, প্রতিবেশী আক্রান্তের তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন। মৃত্যুর তালিকাও বাড়ছে। এখন যদি স্বাস্থ্যবিধি পালনে যদি সবাই সচেতন না হই তাহলে আক্রান্তের সংখ্যা নিম্নমুখী করা যাবে না।
গত সোমবার রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের আরও ৩১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন। সবচেয়ে বেশী ১৪ জন শনাক্ত হয়েছেন ছাতক উপজেলায়। এছাড়াও সুনামগঞ্জ সদর উপজেলায় ১১ জন, জগন্নাথপুর উপজেলায় ৩ জন, দোয়ারাবাজার উপজেলায় ১ জন, শাল্লা উপজেলায় ১ জন এবং দিরাই উপজেলায় ১ জন শনাক্ত হয়েছেন। সিলেট শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আরও এক জন। এনিয়ে করোনায় আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন ৫ জন।
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে সুনামগঞ্জের আরও ৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। বিশ্ববিদ্যালয়ের জিইবি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, এ দিন তাদের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে।