ধর্মপাশায় শিক্ষক লাঞ্ছনা শহরে মানববন্ধন সারাদেশে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান পরশু

স্টাফ রিপোর্টার
ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউপির নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সর্বানন্দ তালুকদার ও তার লোকজনের হাতে দুই শিক্ষিকা লাঞ্ছিতের প্রতিবাদে ফুঁসে উঠেছেন দেশের শিক্ষক সমাজ। সর্বানন্দ তালুকদারকে গ্রেফতার ও কঠিন শাস্তির দাবিতে    রোববার ধর্মপাশায় মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদানের পর সোমবার দুপুরে শহরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতি। শহরের আলফাত স্কয়ারে মানববন্ধন কর্মসূচি পালন কালে কয়েক’শ শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় দেশব্যাপি প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে কেন্দ্রীয় সরকারী প্রাথমিক শিক্ষক সমিতি। বৃহস্পতিবার বিকাল ৩ টায় দেশের প্রতিটি জেলায় মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপি প্রদান করা হবে।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শামছুদ্দিন ও সাধারণ সম্পাদক সাবেরা বেগম গণমাধ্যমে বিবৃতি দিয়ে এই কর্মসূচি পালনের আহ্বান জানান। সংগঠনের কেন্দ্রীয় সহ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা আহবায়ক হারুনুর রশিদ এবং কেন্দ্রীয় মিডিয়া বিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব গোলাম সরোয়ার লিটন বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার সুনামগঞ্জ শহরে মাবনবন্ধন চলাকালে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সদর উপজেলা শাখার সভাপতি সুজিত কুমার দে, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা শিক্ষক সমিতির সদস্য বাদল তালুকদার, শম্পা বেগম, সদর উপজেলা শাখার সাবেক সভাপতি নাসরীন আক্তার খানম, জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি রইছুজ্জামান, বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক হরিষ চন্দ্র বর্মন, সদর উপজেলা শিক্ষক সমিতির সদস্য আতাউর রহমান তালুকদার, নমিতা রানী সরকার, আবুল কালাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সদস্য মানিক দাস প্রমুখ।
সমাবেশে বক্তারা বিদ্যালয়ের দুই শিক্ষিকার নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানিয়ে পরিচালনা কমিটির সভাপতি সর্বানন্দ তালুকদারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান। মানববন্ধন ও সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।  
এদিকে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সোমবার দুপুরে দুই শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় সরেজমিনে তদন্ত করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রোকেয়া খাতুন ও সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল।
গত বৃহস্পতিবার ধর্মপাশা সুখাইড় রাজাপুর উত্তর ইউপির নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সর্বানন্দ তালুকদার ও তার লোকজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দিপালী রাণী দাস ও সহকারি শিক্ষিকা মনি রাণী তালুকদারকে মারধর করে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ খাতাপত্র ছিড়ে ফেলেন।