ছাতক প্রতিনিধি
ছাতকে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় সিএনজি খাদে পড়ে কলি বেগম নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো দু’জন যাত্রী। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের ছাতকের বদিরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কলি বেগম উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের ঝামক গ্রামের প্রবাসী তহুর আলীর কন্যা।
জানা যায়, প্রবাসী তহুর আলীর স্ত্রী তার সন্তানদের নিয়ে পিত্রালয় ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের খিদুরা গ্রামে বসবাস করে আসছেন। বৃহস্পতিবার তহুর আলীর ভাই মারা গেলে তহুর আলীর স্ত্রী-সন্তান ঝামক গ্রামে আসেন। লাশ দাফনের পর তারা সিএনজি (সুনামগঞ্জ -থ -১১-০১৮৬) যোগে খিদুরা গ্রামে ফেরার পথে সিলেট-সুনামগঞ্জ সড়কের বদিরগাঁও এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি লাশবাহী অ্যাম্বুলেন্স (সিলেট-চ-১১-০৩৯৫) তাদের সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি উল্টে কলি বেগম (১৮) সহ ৩ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার কলি বেগমকে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত কলি বেগমের মা ও ছোট ভাইকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশ দূর্ঘটনা কবলিত সিএনজি ও অ্যাম্বুলেন্স আটক করেছে।
জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ আমির উদ্দিন জানান, অ্যাম্বুলেন্সে থাকা লাশ একটি পিকআপ ভ্যানের মাধ্যমে দোলারবাজার ইউনিয়নের কুর্শী গ্রামে পৌঁছে দেয়া হয়েছে।


