আলী আহমদ. জগন্নাথপুর
ফের নির্বাচনী আলোচনায় জগন্নাথপুর পৌরবাসি। করোনাভাইরাসের কঠিন পরিস্থিতিকালে গত মার্চে স্থগিত হওয়া জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচনে আগামী ১০ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এমন খবরে চায়ের টেবিল থেকে সর্বত্রজুড়ে নির্বাচনী আলোচনায় সরগম হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক প্রচার চলছে।
জানা যায়, ২০১৫ সালে সর্বশেষ জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আবদুল মনাফ মেয়র নির্বাচিত হন। চলতি বছরের ১১ জানুয়ারি জগন্নাথপুর পৌরসভার নির্বাচিত মেয়র জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মনাফ মৃত্যুবরণ করলে নির্বাচন কমিশন মেয়র পদটি শূন্য ঘোষণা করে ১৬ ফেব্রুয়ারি তফশিল ঘোষণা দেন। ঘোষিত তফশিল অনুয়ায়ী গত ২৯ মার্চ ভোটগ্রহণের চুড়ান্ত হয়। মেয়র পদে চার প্রার্থী মনোনয়ন দাখিল করে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। চার প্রার্থীরা হলেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়া (নৌকা), বিএনপির মনোনীত প্রার্থী রাজু আহমদ (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী প্রয়াত মেয়র আব্দুল মনাফের ছেলে যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসেন সেলিম (জগ) এবং স্বতন্ত্র প্রার্থী আবিবুল বারি আয়হান (মোবাইল ফোন)। নির্বাচনকে ঘিরে প্রার্থী সমর্থকদের প্রচারণায় যখন উৎসবমুখর হয়ে ওঠে নির্বাচনী এলাকা। তখন হঠাৎ করেই থমকে যায় সেই উৎসব। নির্বাচনের শেষ মুর্হুতে দেশে করোনাভাইরাসের মহামারি দেখা দিলে করোনা পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন কমিশনার ২১ মার্চ নির্বাচন স্থগিত ঘোষণা করে। গত ২১ সেপ্টেম্বর নির্বাচন কমিশন স্থগিতাদেশ প্রত্যাহার করে জগন্নাথপুর পৌরসভারসহ দেশের আরো ৫টি পৌরসভার উপ-নির্বাচন আগামী ১০ অক্টোবর ভোটগ্রহণের ঘোষণা দেয় নিবার্চন কমিশন। এ ঘোষণার সঙ্গে সঙ্গে আবারও নির্বাচনী আলোচনায় মুখরিত হয়ে উঠে এলাকা। এরইমধ্যে প্রার্থীরা নির্বাচনী প্রচার কাজ শুরু করেছেন।
এদিকে করোনা পরিস্থিতিকালে বিএনপির প্রার্থী রাজু আহমদ যুক্তরাজ্যে চলে যান। বর্তমানে তিনি সেখানে অবস্থান করছেন। তবে বিএনপির একটি বিশ্বস্থ সূত্র জানিয়েছে দুই এক দিনের মধ্যে বিএনপির প্রার্থী দেশে ফিরে প্রচারণায় অংশ নেবেন।
উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাস্টার বলেন, করোনা পরিস্থিতির মধ্যে হঠাৎ করেই খুব কম সময়ের মধ্যেই নির্বাচন ঘোষণা করা হয়েছে। তবে ধানের শীষের প্রচারণা চলছে।
স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন সেলিম বলেন, নির্বাচনী সময় কম হলেও প্রচারনায় থেমে নেই। আমি আশাবাদি, আমার বাবাকে যেভাবে মানুষ ভোট দিয়ে বিজয়ী করেছেন, আমাকেও ভোটাররা মূল্যায়ন করবেন।
আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী মিজানুর রশিদ ভুঁইয়া জানান, নির্বাচনের ঘোষনার সঙ্গে আমরা প্রচারণা শুরু করেছি। ইনশাআল্লাহ, উন্নয়নের জন্য ভোটাররা নৌকা প্রতীকে ভোট দিয়ে আমিকে বিজয়ী করবেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, আগামী ১০ অক্টোবর জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। করোনা সংকটে উপনিবার্চন স্থগিত করা হয়েছিল বলে তিনি জানান।


