কারচুপির অভিযোগ এনে ভোট থেকে সরে দাঁড়ালেন দুই প্রার্থী

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে প্রতিদ্বন্দ্বিতা বিকাল ৪ টায় দুই মেয়র প্রার্থী নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দিলেন। নির্বাচন থেকে সরে দাড়ালেন বিএনপির মনোনীয় প্রার্থী রাজু আহমদ (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী আবুল হুসাইন সেলিম (জগ)।
বিএনপির প্রার্থী রাজু আহমদ বলেন, ভোটের আগের দিন শুক্রবার রাতেই আমরা বুঝতে পেরেছি ভোট নিরপেক্ষ হবে না। এরপরও ভোটে থাকার চেষ্টা করেছি। আমাদের বিশ^াস ছিল ছোট এই পৌরসভায় ২ মাম মেয়াদের এই ভোটে হয়তো কারচুপি হবে না। কিন্তু সকালে ভোট কেন্দ্রে গিয়ে দেখলাম কোন কোন কেন্দ্রে ৩ ঘণ্টায় ভোট পড়েছে ২০-৩০ টা। কিন্তু সরকার দলীয় প্রার্থীর এলাকা ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে কেন্দ্রে কেন্দ্রে ১৫ শ’ থেকে ১৬-১৭শ ভোট পড়েছে দুপুরের আগেই। ভোট কেন্দ্রের কক্ষে কক্ষে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীদের দেখা যায়। এই অবস্থায় আমার ভোট থেকে সরে দাঁড়ানো জরুরি মনে করেছি।
স্বতস্ত্র আবুল হুসাইন সেলিম বলেন, আমার বিজয় সুনিশ্চিত জেনে আওয়ামী লীগের প্রার্থী দলীয় প্রভাব বিস্তার করে ইকড়ছই, ভবানীপুর. আর্দশ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, শেরপুরের আব্দুর রশিদ সরকারী প্রাথমিক বিদ্যালসহ কয়েকটি ভোট কেন্দ্রে ব্যাপক জালভোট প্রদান করেছেন। এজন্য নির্বাচন বর্জন করেছি।
তবে নির্বাচনে অপর দুই মেয়র প্রার্থী আওয়ামী লীগের দলীয় প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়া এবং স্বতন্ত্র প্রার্থী আবিবুল বারী আয়হান বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করায় তাঁরা ভোটারদের নিকট কৃতজ্ঞতা জানিয়েছেন।
নির্বাচনের সহকারী রির্টানিং অফিসার জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, আমাদের নিকট ভোট কারচুপির লিখিত অভিযোগ কোন প্রার্থী করেন নি। নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
২০১৫ সালে সর্বশেষ জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আবদুল মনাফ মেয়র নির্বাচিত হন। চলতি বছরের ১১ জানুয়ারী মেয়র আবদুল মনাফ মৃত্যু বরণ করলে এ্ই পৌরসভায় মেয়য়ের শুন্যপদে নির্বাচন ঘোষণা হয়।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চার প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের দলীয় প্রার্থী জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রশিদ ভূঁইয়া (নৌকা), বিএনপির মনোনীয় প্রার্থী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী রাজু আহমদ, প্রয়াত মেয়র আব্দুল মনাফের ছেলে স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসাইন সেলিম (জগ) ও স্বতন্ত্র প্রার্থী সাবেক ফুটবলার আবিবুল বারী আয়হান (মোবাইল ফোন)।