ছাতকে মামলা সংক্রান্ত বিষয়ে প্রতিপক্ষের হামলায় আহত ২

ছাতক প্রতিনিধি
ছাতকে মামলা সংক্রান্ত বিষয়ের জের ধরে প্রতিপক্ষের হামলায় মকরম আলী (৬৫) নামের এক বৃদ্ধ ও তার ভাতিজী ফুলমালা বেগম (৩৫) আহত হয়েছেন। গুরুতর আহত মকরম আলীকে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। মকরম আলী কালরুকা ইউনিয়নের রামপুর গ্রামের মৃত হরমুজ আলীর পুত্র ও তার ভাতিজী ফুলমালা বেগম মুক্তিযোদ্ধা জবান আলীর কন্যা। মঙ্গলবার সন্ধ্যায় রামপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার আহতের ভাই মুক্তিযোদ্ধা জবান আলী বাদী হয়ে একই গ্রামের শিপন মিয়া, মহি উদ্দিন, শফিক মিয়াসহ ১৭ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ থেকে জানা যায়, গত ৪ জুলাই জমিতে পানি নিষ্কাশন নিয়ে প্রতিপক্ষের   হামলার ঘটনায় মকরম আলী বাদী হয়ে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে গত ১০ জুলাই ছাতক থানায় একটি মামলা(নং-১২)দায়ের করেন। ইতিমধ্যেই কয়েকজন আসামী জামিনে মুক্ত হয়ে মামলা উঠিয়ে নিতে বাদীর প্রতি চাপ সৃষ্টি করে। এতে মকরম আলী রাজী না হওয়ায় মামলার আসামীরা মকরম আলরি প্রতি ক্ষিপ্ত হয়ে উঠে। মঙ্গলবার সন্ধ্যায় মকরম আলী রামপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালায়।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই সোহেল অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে জানান, তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।