ধর্মপাশায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির ছাত্রী

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণি পড়–য়া এক স্কুল ছাত্রীর বিয়ে বন্ধ করেছে প্রশাসন। শনিবার সন্ধ্যায় এ বাল্যবিয়ে বন্ধ করা হয়।
জানা যায়, উপজেলার হাওর এলাকার একটি গ্রামের ওই স্কুল ছাত্রীর সাথে পাশের গ্রামের এক যুবকের সাথে শনিবার রাত ১১টায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। স্কুল ছাত্রীর গ্রামের এলাকার কয়েকজন তরুণ এ বাল্যবিয়ের খবরটি স্থানীয় সাংবাদিকদেরকে মুঠোফোনে জানলে সাংবাদিকেরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হককে জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ঘটনার সত্যতা যাচাই করে স্থানীয় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দিলে তার হস্তক্ষেপে বিয়ে বন্ধ করা হয়।
ওই ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্য জানান, চেয়ারম্যানের নির্দেশে এ বিয়ে বন্ধ করা হয়েছে।  
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হক জানান, স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে এ বাল্যবিয়ের আয়োজনের খবর পেয়ে   স্থানীয় ইউপি চেয়ারম্যাননের সহায়তায় এ বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে।